Wednesday, 11 February 2026

ব্রেকিং নিউজ:

ক্যাম্পাস বন্ধ রেখে জকসু নির্বাচন বানচালের অভিযোগ, শিবির নেতার কড়া ক্ষোভ

ক্যাম্পাস December 1, 2025 04:45 PM ৮৩ দর্শক
ক্যাম্পাস বন্ধ রেখে জকসু নির্বাচন বানচালের অভিযোগ, শিবির নেতার কড়া ক্ষোভ

ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্তের আড়ালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন ভেস্তে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি ও ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল আলিম আরিফ।

সোমবার (১ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ এবং এটি আগাম পূর্বাভাস দিয়ে বলা সম্ভব নয়। তবে প্রস্তুতি ও সচেতনতার মাধ্যমে ঝুঁকি কমানো যায়। তাঁর মতে, ভবন নির্মাণে বিল্ডিং কোড মানা, সঠিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং উদ্ধার কার্যক্রম প্রস্তুত রাখাই হওয়া উচিত মূল করণীয়।

আরিফ অভিযোগ করেন, ভূমিকম্পের আতঙ্ক অনেকটাই কমে এলেও একটি মহল পরিকল্পিতভাবে এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার চেষ্টা করছে, যাতে জকসু নির্বাচন বানচাল করা যায়। তাঁর দাবি, একই গোষ্ঠী আগেও নির্ধারিত তারিখে নির্বাচন ঠেকাতে চাপ সৃষ্টির চেষ্টা করেছিল এবং বর্তমানে প্রশাসনের ওপর পুনরায় প্রভাব বিস্তার করে ভোটের সময়সূচি পেছানোর অপচেষ্টা করছে।

তিনি আরও বলেন, পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার অবশ্যই প্রয়োজন, তবে তার অজুহাতে একাডেমিক কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রাখা কোনো সমাধান নয়। তিনি ভবনের কারিগরি পরিদর্শন প্রতিবেদন প্রকাশ, অনলাইনে পাঠদান চালু রাখা এবং প্রয়োজনে বিকল্প স্থানে পরীক্ষা নেওয়ার প্রস্তাব দেন।

শিবিরের এই নেতা বলেন, নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত ক্যাম্পাস খুলে দিতে হবে। জকসু নির্বাচন ভেস্তে দেওয়ার কোনো প্রয়াস শিক্ষার্থীরা মেনে নেবে না। তিনি বিশ্বাস করেন, হাজারো শিক্ষার্থীর স্বপ্নকে বাধাগ্রস্ত করার সুযোগ কাউকে দেওয়া হবে না।

অনুরূপ সংবাদ