তুরস্কে প্রেসিডেন্টকে নিয়ে মন্তব্যে সাংবাদিকের কারাদণ্ড
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের শাসনব্যবস্থা নিয়ে মন্তব্য করায় দেশটির প্রখ্যাত সাংবাদিক ফাতিহ আলতাইলিকে চার বছর দুই মাসের কারাদণ্ড দিয়েছেন একটি আদালত।
বুধবার (২৬ নভেম্বর) তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটি এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত জুন মাসে আইনশৃঙ্খলা বাহিনী আলতাইলিকে গ্রেপ্তার করে। তার ইউটিউব চ্যানেলে বর্তমানে ১৫ লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে।
সেখানেই প্রকাশিত একটি ভিডিওতে তিনি প্রেসিডেন্ট এরদোয়ানের দীর্ঘ সময় ক্ষমতায় থাকার বিষয়টি সমালোচনা করেন। একটি জরিপের তথ্য তুলে ধরে আলতাইলি মন্তব্য করেন, অধিকাংশ তুর্কি নাগরিক প্রেসিডেন্টের আজীবন ক্ষমতায় থাকা সমর্থন করেন না।
ভিডিওতে অটোমান আমলের ইতিহাসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “তুর্কিরা যখন কোনো শাসককে আর ক্ষমতায় দেখতে চাইতো না, তখন তাকে হত্যা করত বা পানিতে ডুবিয়ে দিত।”
এই মন্তব্যকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত হয়। প্রেসিডেন্ট এরদোয়ানের সহকারী অকতাই সারাল তখন আলতাইলির বক্তব্যকে ‘বেপরোয়া’ আখ্যা দিয়ে তার কড়া সমালোচনা করেন।
এরপর ইস্তাম্বুলের একটি আদালত প্রেসিডেন্টকে হুমকি দেওয়ার অভিযোগে আলতাইলিকে দোষী সাব্যস্ত করে এবং চার বছর দুই মাসের সাজা ঘোষণা করে।
আদালতে আলতাইলি অভিযোগ অস্বীকার করে বলেন, প্রেসিডেন্টকে হুমকি দেওয়ার কোনো উদ্দেশ্য তার ছিল না। তিনি আদালতের কাছে বেকসুর খালাস চেয়েছিলেন।
তার আইনজীবী এবং তুর্কি বার অ্যাসোসিয়েশন ইউনিয়নের (টিবিবি) সভাপতি এরিঞ্চ সাগকান রায়কে “সম্পূর্ণ অবৈধ” এবং “মৌলিক মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী” বলে মন্তব্য করেছেন।
তিনি জানান, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।
অনুরূপ সংবাদ
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া জবাব দিলেন মামদানি
জাতিসংঘের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অভিনেত্রী সুসান সারান্ডনসহ গ্রেপ্তার প্রায় ১০০
ফিলিস্তিনের অধিকার ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি অসম্ভব: জাতিসংঘে লেবাননের কঠোর বার্তা