Wednesday, 11 February 2026

ব্রেকিং নিউজ:

ক্ষমা আবেদনের পর প্রথমবার আদালতে নেতানিয়াহু, তীব্র রাজনৈতিক বিতর্ক ইসরায়েলে

আন্তর্জাতিক December 1, 2025 10:37 PM ৫৬ দর্শক
ক্ষমা আবেদনের পর প্রথমবার আদালতে নেতানিয়াহু, তীব্র রাজনৈতিক বিতর্ক ইসরায়েলে

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার (১ ডিসেম্বর) তেলআবিবের একটি আদালতে হাজির হয়েছেন। প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনার আবেদন করার পর এটিই তার প্রথম আদালত উপস্থিতি বলে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

নেতানিয়াহুর আদালতে উপস্থিতিকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিরোধী দলগুলোর নেতারা বলছেন, দোষ স্বীকার না করে ক্ষমা চাওয়া গ্রহণযোগ্য নয়। কেউ কেউ মত দিচ্ছেন, যদি ক্ষমার প্রশ্ন ওঠে, তাহলে রাজনৈতিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর শর্ত যুক্ত করা উচিত।

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট মন্তব্য করেছেন, দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে উঠতে নেতানিয়াহু দায়িত্ব থেকে সরে দাঁড়ালে বিচার প্রক্রিয়া বন্ধের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। এছাড়া কিছু রাজনৈতিক নেতা দাবি তুলেছেন—আগামী ২০২৬ সালের আগেই জাতীয় নির্বাচন আয়োজন করা হলে পরিস্থিতি স্বাভাবিক হবে।

সম্প্রতি পরিচালিত একটি জনমত জরিপে দেখা গেছে, নেতানিয়াহু পদত্যাগ করলে সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী হিসেবে বেনেটই সবচেয়ে এগিয়ে আছেন।

উল্লেখ্য, ২০১৯ সালে ঘুষ, প্রতারণা ও আস্থাভঙ্গের অভিযোগে অভিযুক্ত হন নেতানিয়াহু। পরবর্তী বছর তার বিচার শুরু হয়। যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করে আসছেন। তার আইনজীবীদের ভাষ্য, বিচার প্রক্রিয়া শেষ হলে তিনি সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হবেন।

এদিকে আদালতের বাইরে সোমবার কয়েকজন বিক্ষোভকারী জড়ো হয়ে নেতানিয়াহুর কারাবাসের দাবি জানান। প্রতীকী প্রতিবাদ হিসেবে অনেকে কারাগারের পোশাক পরে বিক্ষোভে অংশ নেন।

এর আগে এক চিঠিতে নেতানিয়াহুর আইনজীবীরা দাবি করেন, নিয়মিত আদালতে উপস্থিত থাকার কারণে সরকারের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি হচ্ছে, যা দেশের স্বার্থের পরিপন্থী। তবে দেশটির আইন অনুযায়ী, সাধারণত বিচার শেষ না হওয়া পর্যন্ত প্রেসিডেন্টের পক্ষ থেকে ক্ষমা দেওয়ার নজির নেই।

প্রেসিডেন্ট আইজাক হারজগ জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং সিদ্ধান্ত নেওয়া হবে রাষ্ট্র ও জনগণের সর্বোচ্চ স্বার্থ বিবেচনায় রেখেই।

অনুরূপ সংবাদ