গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আগামী নির্বাচনের পাশাপাশি গণভোটেও সক্রিয়ভাবে অংশ নিতে হবে, যাতে রাষ্ট্রকে জনগণের প্রত্যাশা অনুযায়ী নতুনভাবে গড়ে তোলা যায়।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।
ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, গণভোটে ‘হ্যাঁ’-তে সিল দিলে নতুন বাংলাদেশের দ্বার উন্মোচিত হবে। তিনি জনগণকে শুধু নিজে ভোট দেওয়ার আহ্বানই জানাননি, বরং আশপাশের মানুষকেও উদ্বুদ্ধ করে ভোটকেন্দ্রে নিয়ে আসার অনুরোধ করেন। তাঁর ভাষায়, দেশ বদলাতে হলে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, জুলাই গণঅভ্যুত্থান জাতির ইতিহাসে একটি ব্যতিক্রমী ও অসাধারণ অর্জন। এই গণআন্দোলন অপ্রত্যাশিতভাবে দেশের সামনে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে। সেই লক্ষ্যকে সামনে রেখেই ইতোমধ্যে বিভিন্ন সংস্কার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনই এই গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে বাংলাদেশ বৈষম্য, শোষণ ও নিপীড়ন থেকে মুক্তির পথে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা।
অনুরূপ সংবাদ
বাজেটে কালো টাকা সাদা করার বিধান, কারা পাবেন এই সুবিধা?
বিরোধীদের এলাকায় নারী এমপিদের উন্নয়ন তদারকির দায়িত্ব নিয়ে যে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
‘সাইবার সুরক্ষা আইন, ২০২৬’ সংশোধন হচ্ছে; মেটাকে ২৪ ঘণ্টায় কনটেন্ট সরাতে বাধ্য করার বিধান যুক্ত করার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর