জামায়াতের পলিসি সামিটে ৩০ দেশের প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে ‘পলিসি সামিট–২০২৬’-এ বিশ্বের ৩০টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। মঙ্গলবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আনুষ্ঠানিকভাবে এ সামিটের কার্যক্রম শুরু হয়।
জামায়াতের পররাষ্ট্র বিভাগের এক দায়িত্বশীল নেতা জানান, সকাল থেকেই বিভিন্ন দেশের কূটনৈতিক ও নীতিনির্ধারণী পর্যায়ের প্রতিনিধিরা সামিটে যোগ দেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন, চীন, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, ভারত, পাকিস্তান, ইরান, মালয়েশিয়া, তুরস্ক, মালদ্বীপ, ব্রুনাই, শ্রীলঙ্কাসহ মোট ৩০টি দেশ।
সামিটের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের প্রধান চ্যালেঞ্জ এখন কেবল টিকে থাকা নয়, বরং একটি স্থিতিশীল রাষ্ট্রব্যবস্থা নিশ্চিত করা।
আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি একটি নতুন ও সমৃদ্ধ বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক রূপরেখা তুলে ধরেন। ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস একটি দীর্ঘ ও অসমাপ্ত সংগ্রামের ইতিহাস—যেখানে রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি ও মানবিক মর্যাদা ছিল মূল লক্ষ্য।
তিনি বলেন, ১৯৪৭ সালে ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির আকাঙ্ক্ষা এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার উদ্দেশ্য ছিল সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা। তবে পাঁচ দশকের বেশি সময় পেরিয়ে গেলেও সেই লক্ষ্য পুরোপুরি বাস্তবায়িত হয়নি।
ডা. শফিকুর রহমান আরও বলেন, গত ১৭ বছরে শাসনব্যবস্থার ব্যর্থতা ও কর্তৃত্ববাদী চর্চার কারণে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছে, জবাবদিহির অভাব দেখা দিয়েছে এবং নাগরিকদের মতপ্রকাশের পরিসর সংকুচিত হয়েছে। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাইয়ে জনগণ, বিশেষ করে তরুণ সমাজ, নিজেদের অধিকার ও ভবিষ্যৎ পুনরুদ্ধারের দাবিতে আবারও সোচ্চার হয়ে ওঠে।
ঢাকা-১৫ আসন নিয়ে জামায়াত আমিরের সতর্কবার্তা
২ সপ্তাহ আগে
জামায়াতের পলিসি সামিটে ৩০ দেশের প্রতিনিধি
৩ সপ্তাহ আগে