Wednesday, 11 February 2026

ব্রেকিং নিউজ:

ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করার হুমকি পুতিনের

আন্তর্জাতিক December 3, 2025 10:47 AM ৫১ দর্শক
ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করার হুমকি পুতিনের

ইউক্রেনকে সমুদ্রপথ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কৃষ্ণ সাগরে রুশ ট্যাঙ্কারে ইউক্রেনের ড্রোন হামলার পর প্রতিক্রিয়ায় তিনি এ হুঁশিয়ারি দেন।

মঙ্গলবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে পুতিন বলেন, ইউক্রেনের সমুদ্রপথ ব্যবহার বন্ধ করে দেওয়া হলে দেশটি আর আক্রমণ চালাতে পারবে না। তিনি জানান, ইউক্রেনের বন্দর, জাহাজ ও সামুদ্রিক স্থাপনায় পাল্টা হামলা জোরদার করা হতে পারে।

রুশ প্রেসিডেন্ট ইউক্রেনকে সহায়তাকারী দেশগুলোর জাহাজের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন। তার বক্তব্যে পরোক্ষভাবে আন্তর্জাতিক বাণিজ্য জাহাজের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

সম্প্রতি ইউক্রেনের নৌ ড্রোন কৃষ্ণ সাগরে দুটি রুশ ট্যাঙ্কারে আঘাত হানে বলে দাবি করেছে ইউক্রেনের নিরাপত্তা কর্মকর্তারা। ওই জাহাজগুলো তেল পরিবহনের উদ্দেশ্যে রুশ বন্দরে যাচ্ছিল। এ ছাড়া ইউক্রেন রাশিয়ার গুরুত্বপূর্ণ বন্দর শহর নভোরোসিয়েস্কেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার ফলে তেল সরবরাহে বিঘ্ন ঘটে।

তবে ইউক্রেনকে সমুদ্র থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করার বিষয়ে পুতিন কীভাবে তা বাস্তবায়ন করবেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বড় অংশ দখলে নিলেও ওডেসাসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বন্দর এখনো ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, পুতিনের এ হুমকি বাস্তবায়িত হলে কৃষ্ণ সাগর অঞ্চলে নতুন করে উত্তেজনা বাড়তে পারে এবং আন্তর্জাতিক বাণিজ্যেও তার প্রভাব পড়তে পারে।

অনুরূপ সংবাদ