নতুন বাংলাদেশ’ বিনির্মাণে সুদূরপ্রসারী রূপরেখা তুলে ধরলেন ডা. শফিকুর রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘নতুন বাংলাদেশ’ গঠনে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ভবিষ্যতের বাংলাদেশ হবে বৈষম্যহীন, স্বচ্ছ ও মানবিক রাষ্ট্র—যেখানে বিভাজনের রাজনীতি নয়, বরং আশা, নিরাময় ও জাতীয় ঐক্য হবে মূল ভিত্তি।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর পলিসি সামিট–২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সকাল ৯টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ সামিটে দেশের বিশিষ্ট চিন্তাবিদ, নীতিনির্ধারক, কূটনৈতিক প্রতিনিধি, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, পেশাজীবী এবং জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিরা অংশ নেন।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে আধুনিক বাজার অর্থনীতি কার্যকর থাকবে, প্রশাসন হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক এবং ধর্ম, বর্ণ ও লিঙ্গ নির্বিশেষে প্রতিটি নাগরিক সমান সুযোগ পাবে। তাঁর ভাষায়, ন্যায়, স্বচ্ছতা ও নৈতিকতার ওপর প্রতিষ্ঠিত উন্নয়নই টেকসই উন্নয়নের একমাত্র পথ।
নারীর ক্ষমতায়ন ও শিক্ষায় সমান অধিকার
নারীর অংশগ্রহণ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, দক্ষিণ এশিয়ার রাজনৈতিক দলগুলোর মধ্যে নারীর অংশগ্রহণের হারে জামায়াতে ইসলামী শীর্ষ পর্যায়ে রয়েছে। বর্তমানে দলের মোট সদস্যের প্রায় ৪৩ শতাংশ নারী, যা দেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।
তিনি বলেন, নতুন বাংলাদেশে নারীরা যেন সমান নাগরিক হিসেবে তাদের পূর্ণ সক্ষমতা বিকাশের সুযোগ পায়, সে জন্য প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত শিক্ষায় সমান অধিকার নিশ্চিত করা হবে। সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে নারীদের প্রতি কোনো ধরনের বৈষম্য সহ্য করা হবে না বলেও তিনি জানান।
ডা. শফিকুর রহমান বলেন, যারা সমান সুযোগ, ন্যায়বিচার ও মানবিক রাষ্ট্রব্যবস্থায় বিশ্বাস করে, জামায়াতে ইসলামী তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে প্রস্তুত।
তরুণদের কেন্দ্র করে রাষ্ট্র সংস্কার
তরুণ সমাজকে দেশের প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি উল্লেখ করে তিনি বলেন, নতুন বাংলাদেশের শাসনব্যবস্থায় যুব কর্মসংস্থান সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। কর্মসংস্থানহীন তরুণ সমাজ রাষ্ট্রের জন্য বড় ঝুঁকি উল্লেখ করে তিনি বলেন, দক্ষ ও কর্মক্ষম তরুণ প্রজন্মই পারে একটি দেশকে এগিয়ে নিতে।
তিনি একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করে বলেন, সেখানে স্বচ্ছ বাজার অর্থনীতির পাশাপাশি সামাজিক নিরাপত্তা নিশ্চিত থাকবে। আন্তর্জাতিক বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেন, নতুন বাংলাদেশে একটি উন্মুক্ত ও নির্ভরযোগ্য অর্থনৈতিক পরিবেশ গড়ে তোলা হবে, যাতে বিনিয়োগে আস্থা সৃষ্টি হয়।
শিল্পায়নের ক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) এবং সরাসরি বৈদেশিক বিনিয়োগের (এফডিআই) ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি।
দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থান
ডা. শফিকুর রহমান বলেন, ভবিষ্যতে কোনো সরকার যেন রাষ্ট্রীয় সম্পদ বা অর্থনৈতিক ব্যবস্থাকে ব্যক্তিগত কিংবা দলীয় স্বার্থে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে জামায়াতে ইসলামী কঠোর অবস্থান নেবে। দুর্নীতি, লুটপাট ও স্বজনপ্রীতির সংস্কৃতি রাষ্ট্রকে ভেতর থেকে দুর্বল করে দেয় উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্বচ্ছতা ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।
একই সঙ্গে তিনি কৃষি খাতের আধুনিকায়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। তার মতে, কৃষিকে উপেক্ষা করে কোনো দেশ টেকসই উন্নয়ন অর্জন করতে পারে না।
সংখ্যালঘু অধিকার রক্ষা ধর্মীয় দায়িত্ব
সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার রক্ষাকে তিনি কেবল রাজনৈতিক দায়িত্ব নয়, বরং একটি পবিত্র ধর্মীয় কর্তব্য হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, বর্তমানে জামায়াতে ইসলামীতে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ অন্যান্য ধর্মাবলম্বী প্রায় পাঁচ লাখ সদস্য রয়েছে, যারা দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।
তিনি বলেন, জাতি, ধর্ম বা লিঙ্গ নির্বিশেষে প্রতিটি নাগরিকের অধিকার রক্ষায় তার দল আপসহীন থাকবে।
ঐক্যের আহ্বান ও আন্তর্জাতিক অংশীদারিত্ব
বক্তব্যের শেষাংশে ডা. শফিকুর রহমান বাংলাদেশকে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে একটি বিশ্বাসযোগ্য ও দায়িত্বশীল অংশীদার হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। সামিটে উপস্থিত বুদ্ধিজীবী ও বিশেষজ্ঞদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বর্তমান সময় বিভাজনের নয়, বরং একটি সুন্দর ভবিষ্যতের জন্য ঐক্যবদ্ধ হওয়ার সময়।
তিনি বলেন, স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সমৃদ্ধ, মানবিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
অনুরূপ সংবাদ
ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি: তারেক রহমান
দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী, বিভ্রান্তি দূর করতে তারেক রহমানের নির্দেশনা: নুরুল হক নুর
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের
১০ দলীয় জোটের ঐক্যে ২১৫ আসনে নির্বাচন করবে জামায়াতে ইসলামী
ঢাকা-১৫ আসন নিয়ে জামায়াত আমিরের সতর্কবার্তা
২ সপ্তাহ আগে
জামায়াতের পলিসি সামিটে ৩০ দেশের প্রতিনিধি
৩ সপ্তাহ আগে