Wednesday, 11 February 2026

ব্রেকিং নিউজ:

টঙ্গীতে বালুর ড্রেজারে চাঁদাবাজি ও হামলার অভিযোগ

সারাদেশ November 11, 2025 02:56 PM ৮৩ দর্শক
টঙ্গীতে বালুর ড্রেজারে চাঁদাবাজি ও হামলার অভিযোগ

গাজীপুরের টঙ্গীতে বালুর ড্রেজার ব্যবসায়ী মোঃ লুৎফর রহমান রাজু (২৯) স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার অভিযোগ করেছেন। এ ঘটনায় তিনি টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
 
অভিযোগ সূত্রে জানা যায়, বড় দেওড়া এলাকার বাসিন্দা মোঃ লুৎফর রহমান রাজু দীর্ঘদিন ধরে বালু ব্যবসার সঙ্গে জড়িত। সম্প্রতি একই এলাকার মোঃ জাহাঙ্গীর (৫২), মোঃ মনির হোসেন (৪০), মোঃ আব্বাস (৪৫)সহ আরও ১০–১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি তার কাছে নিয়মিত চাঁদা দাবি করে আসছিলেন।
 
তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে, সোমবার (১১ নভেম্বর ২০২৫) সকাল সাড়ে ১১টার দিকে উল্লেখিত ব্যক্তিরা দেশীয় অস্ত্রসহ তার ড্রেজার ঘাটে এসে ভাঙচুর চালায় এবং প্রাণনাশের হুমকি দেয়। এতে তার আর্থিক ক্ষয়ক্ষতি হয়।

জানাগেছে অভিযুক্ত জাহাঙ্গীর টঙ্গী পশ্চিম থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলর।
 
অভিযোগে রাজু জানান, “বিবাদীরা আমাকে হুমকি দিয়েছে— চাঁদা না দিলে এখানে ব্যবসা করতে দেবে না। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।”

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন—
“অভিযোগ পেয়েছি। বিষয়টি এসআই মনোহরকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর মো. জাহাঙ্গীরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগটি সম্পূর্ণ অস্বীকার করে বলেন— “আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। আমি এ বিষয়ে কিছু জানি না। একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে বেকায়দায় ফেলতে দীর্ঘদিন ধরে এই ধরনের মিথ্যা অভিযোগ করে আসছে। অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা।”

অনুরূপ সংবাদ