Wednesday, 11 February 2026

ব্রেকিং নিউজ:

সিলেটের গোয়াইনঘাটে চাঁদাবাজির মামলায় বৈষম্যবিরোধীর নেতাসহ ৭ জন গ্রেপ্তার

সারাদেশ August 10, 2025 11:36 AM ১২২ দর্শক
সিলেটের গোয়াইনঘাটে চাঁদাবাজির মামলায় বৈষম্যবিরোধীর নেতাসহ ৭ জন গ্রেপ্তার

সিলেটের গোয়াইনঘাট নৌপথে চাঁদাবাজির মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা কমিটির সদস্য আজমল হোসেনসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার (৯ আগস্ট) রাত ৩টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন আজমল হোসেন, যিনি উপজেলার লেঙ্গুড়া গ্রামের ফয়সল আহমদের ছেলে এবং চাঁদাবাজি মামলার প্রধান আসামি। এছাড়া গ্রেপ্তার হয়েছেন লেঙ্গুড়া গ্রামের মৃত আ. সালামের ছেলে সুলতান আহমদ, ফজর রহমানের ছেলে বিল্লাল মেম্বার, মৃত মুসাব্বিরের ছেলে সুবহান, ফারুক আহমদের ছেলে শাকিল, মৃত ফজু রহমানের ছেলে ফারুক মিয়া ও মৃত আ. মুসাব্বিরের ছেলে ফয়সল মৌলবি।

জানা গেছে, গত মাসে আজমল হোসেনের নেতৃত্বে একটি চাঁদাবাজ চক্র অবৈধভাবে বালুবোঝাই প্রায় দুই শতাধিক বাল্কহেড আটক করে রাখে। এ নিয়ে ইজারাদার ও নৌ শ্রমিকদের সঙ্গে সমঝোতার চেষ্টা করলেও কোনো সমাধান হয়নি। বাধ্য হয়ে নৌ শ্রমিকরা থানার সামনে বিক্ষোভ করেন।

পরবর্তীতে ৬ জুলাই উপজেলা প্রশাসনের অভিযানে আজমল বাহিনীর আটকে রাখা বালুকাঠগুলো উদ্ধার করা হয়। অভিযানে কয়েকজনকে আটক করলেও আজমল পলাতক থাকেন।

এরপরও চাঁদাবাজির মামলায় আজমল ও সহযোগীদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করা হয়। মামলায় মোট ৩২ জনকে নাম উল্লেখসহ ৪০-৪৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ শনিবার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে আজমলসহ সাতজনকে গ্রেপ্তার করে এবং রোববার (১০ আগস্ট) দুপুরে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমদ জানান, গ্রেপ্তারকৃতরা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

অনুরূপ সংবাদ