ট্রাম্পের নৈশভোজে তারেক-জুবাইদার ছবি প্রকাশ করল প্রধানমন্ত্রীর কার্যালয়
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমানের অংশগ্রহণের একটি ছবি প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
শনিবার প্রকাশ করা ছবিতে ট্রাম্পের সঙ্গে তারেক রহমান ও জুবাইদা রহমানকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী প্রথম আলোকে ছবিটির সত্যতা নিশ্চিত করেছেন। তাঁর ভাষ্য, ছবিটি হোয়াইট হাউসের সৌজন্যে পাওয়া।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নেওয়া বিশ্বনেতা ও তাঁদের স্বামী-স্ত্রীদের সম্মানে গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে এই নৈশভোজের আয়োজন করা হয়। ওই সময় জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফরসঙ্গী ছিলেন জুবাইদা রহমান।
নৈশভোজের আয়োজন করেন ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। একই সফরে মেলানিয়া ট্রাম্প জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্ত্রীদের নিয়ে একটি বিশেষ বৈঠক করেন। সেখানে শিশুদের কল্যাণে তাঁর উদ্যোগ ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ তুলে ধরা হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে এটি ছিল তাঁর প্রথম ভাষণ। সফর শেষে ২৭ সেপ্টেম্বর তিনি দেশে ফেরেন।
ভাষণে তারেক রহমান বাংলাদেশের গণতান্ত্রিক ও অর্থনৈতিক পরিবর্তনে তাঁর সরকারের পরিকল্পনা তুলে ধরেন। দেশ পুনর্গঠনে ‘রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন’—এই তিনটি বিষয়কে ভিত্তি করে ‘থ্রি-আর’ কৌশলের কথা বলেন তিনি। পাশাপাশি বিশ্বের বিভিন্ন অঞ্চলের সংঘাত সংলাপ, কূটনৈতিক প্রক্রিয়া ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাধানের ওপর জোর দেন।
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চান প্রধানমন্ত্রী। একই সঙ্গে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।