গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে
জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে পুলিশ কী ব্যবস্থা নেয়, তা দেখার পর তাঁর সংসদ সদস্য পদ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মঙ্গলবার প্রথম আলোকে দেওয়া বক্তব্যে স্পিকার বলেন, শুধু দল থেকে বহিষ্কার করা হলে কোনো সংসদ সদস্যের পদ শূন্য হয় না। তবে গাজী নজরুলের বিরুদ্ধে চলমান মামলায় পুলিশের পদক্ষেপের পর বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করা হতে পারে।
দল থেকে বহিষ্কারে এমপি পদ যায় না
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর গত ২২ জুলাই গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়। দলটির পক্ষ থেকে বিষয়টি স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছিল।
তবে দল থেকে বহিষ্কারের কারণে তাঁর সংসদ সদস্য পদ শূন্য হয়নি। স্পিকার জানান, কোনো সংসদ সদস্য নিজে দল থেকে পদত্যাগ করলে বা দলের বিরুদ্ধে ভোট দিলে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিষয়টি প্রযোজ্য হয়।
দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা
এর মধ্যে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) মৃত্যুকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। গত রোববার সন্ধ্যায় রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
মরিয়মের বাবার করা মামলায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে।
মামলায় গ্রেপ্তার হওয়ার পর গাজী নজরুল বর্তমানে রিমান্ডে রয়েছেন। অন্যদিকে এক দিনের রিমান্ড শেষে তাঁর প্রথম স্ত্রী মাকছুদাকে কারাগারে পাঠানো হয়েছে।
কী বলছে সংবিধান
সংবিধানের ৬৬ অনুচ্ছেদে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা ও অযোগ্যতার বিষয়গুলো উল্লেখ রয়েছে। এর মধ্যে নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে কমপক্ষে দুই বছরের কারাদণ্ড হলে এবং মুক্তির পর পাঁচ বছর না পেরোলে সংশ্লিষ্ট ব্যক্তি সংসদ সদস্য হওয়ার অযোগ্য হন।
এ ছাড়া নির্বাচিত হওয়ার পর কোনো সংসদ সদস্য ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী অযোগ্য হয়েছেন কি না বা ৭০ অনুচ্ছেদ অনুযায়ী তাঁর আসন শূন্য হবে কি না—এ নিয়ে প্রশ্ন উঠলে বিষয়টি নির্বাচন কমিশনের কাছে পাঠানোর বিধান রয়েছে। এ ক্ষেত্রে কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত।
স্পিকার জানিয়েছেন, গাজী নজরুলের ক্ষেত্রে পুলিশ কী ব্যবস্থা নেয়, তা দেখার পর নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হতে পারে। আদালতের সিদ্ধান্তের মাধ্যমেও বিষয়টির নিষ্পত্তি হতে পারে বলে তিনি উল্লেখ করেন।
সংসদীয় কমিটি থেকেও বাদ
জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের পর দলটির পক্ষ থেকে গাজী নজরুলকে সংসদীয় কমিটিতে না রাখার অনুরোধ জানানো হয়েছিল। এর পর তাঁকে দুটি সংসদীয় কমিটি থেকে বাদ দেওয়া হয়।
পরে ৭ সেপ্টেম্বর সরকারি প্রতিশ্রুতি কমিটিতে তাঁর নাম রাখা হলেও জামায়াতে ইসলামীর আপত্তির পর ওই কমিটি পুনর্গঠন করে তাঁর নাম বাদ দেওয়া হয়। এ বিষয়টি নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে আলোচনা হয়।
অনুরূপ সংবাদ
ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তুলল পুলিশ
ট্রাকচালক হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ আসামির অভিযোগ গঠন শুনানি ৮ অক্টোবর
অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারও পেছাল