দুর্নীতির অভিযোগের মধ্যে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সায়মা ওয়াজেদ। দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের তদন্ত চলার মধ্যেই বুধবার তিনি পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি রয়টার্সও নিশ্চিত করেছে।
সায়মা ওয়াজেদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে। ২০২৪ সালের শুরুতে তিনি পাঁচ বছরের মেয়াদে ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন।
যেসব অভিযোগের তদন্ত চলছে
রয়টার্সের তথ্য অনুযায়ী, সায়মা ওয়াজেদের বিরুদ্ধে চীন সফরসংক্রান্ত আর্থিক অনিয়ম এবং তাঁর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ভুল তথ্য দেওয়ার অভিযোগ তদন্ত করছে ডব্লিউএইচও। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনও (দুদক) তাঁর বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা করেছে।
এ ছাড়া ডব্লিউএইচওর পক্ষ থেকে বাংলাদেশে একটি জমি অবৈধভাবে অধিগ্রহণের অভিযোগও তোলা হয়েছে বলে তাঁর পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সায়মা ওয়াজেদ। চীন সফরের ব্যয়সংক্রান্ত অভিযোগের বিষয়ে তিনি দাবি করেছেন, ভ্রমণ ব্যয়ের ৯০১ ডলারের একটি হিসাব জমা দেওয়ার ক্ষেত্রে তাঁর এক সহকারীর প্রশাসনিক ভুলের কারণে বিষয়টি তৈরি হয়েছিল।
শিক্ষাগত যোগ্যতা নিয়ে সায়মার বক্তব্য
শিক্ষাগত যোগ্যতা নিয়ে ওঠা অভিযোগের জবাবে সায়মা ওয়াজেদ বলেছেন, বাংলাদেশে অটিজম নিয়ে তাঁর কাজের স্বীকৃতি হিসেবে তিনি একটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। তাঁর দাবি, ডব্লিউএইচওর মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুসকে তিনি এ যোগ্যতার বিষয়টি আগেই জানিয়েছিলেন।
প্রায় এক বছর বেতন ছাড়াই ছুটিতে ছিলেন
অভিযোগের তদন্তের মধ্যে ডব্লিউএইচও তাঁকে অবৈতনিক ছুটিতে পাঠায়। রয়টার্স জানিয়েছে, ২০২৫ সালের জুলাইয়ে প্রথমবার তাঁকে ছুটিতে পাঠানো হয়েছিল। পরে দীর্ঘ সময় তিনি দায়িত্ব পালন থেকে বিরত ছিলেন।
পদত্যাগপত্রে সায়মা ওয়াজেদ অভিযোগ করেন, দায়িত্ব কার্যকরভাবে পালনে ডব্লিউএইচওর মহাপরিচালক তাঁকে বাধা দিয়ে আসছেন। এর ফলে সংস্থাটির নেতৃত্বের ওপর তাঁর আস্থা ও বিশ্বাস নষ্ট হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
দীর্ঘ সময় কোনো বেতন বা পারিশ্রমিক না পাওয়ায় তাঁর আর্থিক পরিস্থিতিও অসহনীয় হয়ে উঠেছিল বলে পদত্যাগপত্রে জানান সায়মা।
নতুন আঞ্চলিক পরিচালক নির্বাচনের প্রক্রিয়া
সায়মা ওয়াজেদের পদত্যাগের পর ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের নতুন আঞ্চলিক পরিচালক নির্বাচনের প্রক্রিয়া সামনে আসছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবর থেকে মনোনয়ন প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে এবং আগামী বছরের জানুয়ারিতে নির্বাচন হতে পারে।
ডব্লিউএইচও এখনো সায়মা ওয়াজেদের বিরুদ্ধে তদন্তের বিস্তারিত বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। সংস্থাটি বিষয়টিকে গোপনীয় তদন্তের আওতায় রেখেছে।
অনুরূপ সংবাদ
জেলেনস্কির বিমানকে ঘেঁষে ড্রোন, অল্পের জন্য রক্ষা
জর্দানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত যুদ্ধবিমান
লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ, ইসরায়েলের বিরুদ্ধে ৭৭০০ বার ভঙ্গের দাবি