জেলেনস্কির বিমানকে ঘেঁষে ড্রোন, অল্পের জন্য রক্ষা
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি বিমান অল্পের জন্য ড্রোনের সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে। ৮ সেপ্টেম্বর মলদোভার রাজধানী কিশিনাউ থেকে নরওয়ের রাজধানী অসলোর উদ্দেশে যাত্রার সময় এ ঘটনা ঘটে। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোর বিষয়টি নিশ্চিত করেছেন।
নরওয়ের প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, জেলেনস্কির বিমান উড্ডয়নের সময় একটি ড্রোন সেটির খুব কাছ দিয়ে চলে যায়। তবে ড্রোনটি ঠিক কতটা দূরত্বে ছিল কিংবা সেটি ইচ্ছাকৃতভাবে জেলেনস্কির বিমানকে লক্ষ্য করে পরিচালিত হয়েছিল কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
মলদোভার আকাশসীমা বন্ধ
ঘটনার সময় মলদোভার আকাশসীমায় দুটি রুশ ড্রোন প্রবেশ করেছিল বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। এর একটি রিসকানি এলাকায় একটি মাঠে বিধ্বস্ত হয়ে আগুনের সূত্রপাত করে। অপর ড্রোনটি রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করে।
ড্রোনের উপস্থিতির কারণে মলদোভার আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এতে জেলেনস্কিকে বহনকারী বিমানসহ কয়েকটি ফ্লাইটের যাত্রা বিলম্বিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর আবার বিমান চলাচলের অনুমতি দেওয়া হয়।
নিরাপদে অসলোর পৌঁছান জেলেনস্কি
ড্রোনের কারণে যাত্রায় বিলম্ব হলেও শেষ পর্যন্ত জেলেনস্কি নিরাপদে নরওয়ের গার্ডারমোয়েন বিমানবন্দরে পৌঁছান। পরে ৯ সেপ্টেম্বর তিনি নরওয়ের প্রয়াত রাজা পঞ্চম হ্যারাল্ডের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন।
অসলোর ক্যাথেড্রাল পর্যন্ত শোকযাত্রায় বিশ্বের বিভিন্ন দেশের রাজা-রানি, প্রেসিডেন্ট ও সরকারপ্রধানদের সঙ্গে জেলেনস্কি এবং তাঁর স্ত্রী ওলেনা জেলেনস্কিও অংশ নেন।
ইউরোপের আকাশপথে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ
ইউক্রেন যুদ্ধের প্রভাব সীমান্ত ছাড়িয়ে ইউরোপের আকাশপথের নিরাপত্তার ওপরও চাপ তৈরি করছে। মলদোভার আকাশসীমায় ড্রোন প্রবেশের ঘটনাটি সেই উদ্বেগ আরও বাড়িয়েছে।
তবে জেলেনস্কির বিমানকে ঘেঁষে যাওয়া ড্রোনটির উদ্দেশ্য কী ছিল, সেটি এখনো স্পষ্ট নয়। ফলে ঘটনাটিকে সরাসরি জেলেনস্কির ওপর পরিকল্পিত হামলা হিসেবে চিহ্নিত করার মতো নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি।
অনুরূপ সংবাদ
জর্দানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত যুদ্ধবিমান
লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ, ইসরায়েলের বিরুদ্ধে ৭৭০০ বার ভঙ্গের দাবি
দুর্নীতির অভিযোগের মধ্যে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ