রিপাবলিকানরা জিতলে প্রাপ্তবয়স্কদের ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের আগামী মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (৯ সেপ্টেম্বর) টেক্সাসের ডালাসে রিপাবলিকান পার্টির জাতীয় মধ্যবর্তী নির্বাচন সম্মেলনে দেওয়া দীর্ঘ ভাষণে ট্রাম্প এ ঘোষণা দেন।
ট্রাম্প বলেন, রিপাবলিকানরা যদি প্রতিনিধি পরিষদ ও সিনেট—দুই কক্ষেই জয়ী হয়, তাহলে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক শক্তি ও সাফল্যের কারণে প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়া সম্ভব হবে। তবে তিনি জানান, এই অর্থ যুক্তরাষ্ট্রের ভেতরেই ব্যয় করতে হবে।
তবে ঘোষণার পরপরই এ অর্থ কীভাবে দেওয়া হবে, এর অর্থের উৎস কী এবং কারা কীভাবে তা পাবেন—এসব বিষয়ে বিস্তারিত কোনো পরিকল্পনা প্রকাশ করা হয়নি।
প্রায় দুই ঘণ্টার ভাষণে ট্রাম্প ডেমোক্র্যাটদের তীব্র সমালোচনা করেন। একই সঙ্গে ইরান বিষয়ে তাঁর নীতির পক্ষেও বক্তব্য দেন। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আসন্ন নির্বাচনে তাঁকেও যেন ব্যালটে থাকা একজন প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়।
ট্রাম্পের এই বক্তব্য এমন সময়ে এসেছে, যখন নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে রিপাবলিকান পার্টির জন্য বেশ কিছু আসনে কঠিন প্রতিদ্বন্দ্বিতার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। বিভিন্ন পূর্বাভাসে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ রিপাবলিকানরা হারাতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
সম্মেলনে ট্রাম্প দাবি করেন, তাঁর দ্বিতীয় মেয়াদের প্রথম দুই বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের ইতিহাসে অন্যতম সফল সময়। তবে এ দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
ভোটারদের উদ্দেশে তিনি আরও সতর্ক করে বলেন, রিপাবলিকানরা নির্বাচনে পরাজিত হলে সীমান্ত নিয়ন্ত্রণ, করছাড়, নিরাপত্তা ও দেশের সম্পদ নিয়ে ঝুঁকি তৈরি হবে। তাঁর ভাষণের বড় একটি অংশজুড়ে ডেমোক্র্যাটরা ক্ষমতায় এলে কী হতে পারে, সে বিষয়ে সতর্কবার্তা ছিল।
এদিকে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়াও রিপাবলিকানদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর প্রতি সমর্থনের হার প্রায় ৩৮ শতাংশে নেমে এসেছে। এ কারণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনে থাকা কয়েকজন রিপাবলিকান প্রার্থী ডালাসের সম্মেলন এড়িয়ে গেছেন।
মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে এবারই প্রথম জাতীয় পর্যায়ে এমন সম্মেলনের আয়োজন করেছে রিপাবলিকান পার্টি। দলটির লক্ষ্য, সম্মেলনের মাধ্যমে নির্বাচনী প্রচারে নতুন গতি তৈরি করা।
অনুরূপ সংবাদ
জেলেনস্কির বিমানকে ঘেঁষে ড্রোন, অল্পের জন্য রক্ষা
জর্দানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত যুদ্ধবিমান
লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ, ইসরায়েলের বিরুদ্ধে ৭৭০০ বার ভঙ্গের দাবি