গঙ্গা চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে ভারতের অবস্থানে উদ্বেগ
বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে ভারতের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি (আইএফসি)। সংগঠনটির মতে, চুক্তি নবায়নের আগে ভারতের কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মধ্যে আলোচনা এবং রাজ্যগুলোর পানির চাহিদাকে গুরুত্ব দেওয়ার বিষয়টি নতুন করে অনিশ্চয়তা তৈরি করছে।
বুধবার দেওয়া এক যৌথ বিবৃতিতে আইএফসি নেতারা বলেন, আগামী ১১ ডিসেম্বর গঙ্গা পানি বণ্টন চুক্তির বর্তমান মেয়াদ শেষ হওয়ার কথা। এর আগে ভারতের বিভিন্ন রাজ্যের পক্ষ থেকে পানির চাহিদা ও আপত্তির বিষয় সামনে আসায় চুক্তির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
বিহার ও পশ্চিমবঙ্গের পানির চাহিদা
আইএফসির বিবৃতিতে ভারতের গণমাধ্যমে প্রকাশিত তথ্যের বরাত দিয়ে বলা হয়েছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিহার সরকারকে আশ্বস্ত করেছেন যে গঙ্গা চুক্তি নবায়নের আগে রাজ্যটির পানির চাহিদা বিবেচনায় নেওয়া হবে।
এ ছাড়া পশ্চিমবঙ্গ সরকারও কেন্দ্রীয় সরকারকে জানিয়েছে, নতুন করে গঙ্গা পানি বণ্টন চুক্তি করার আগে কলকাতা বন্দর এবং হুগলি ও ভাগীরথী নদীর পানির চাহিদা বিবেচনা করা প্রয়োজন। বিষয়টি ভারতের রাজ্যসভাতেও উত্থাপিত হয়েছে।
অন্যদিকে, গত ২১ আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছিলেন, গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনা বর্তমানে কারিগরি পর্যায়ে রয়েছে।
তিস্তা চুক্তির পুনরাবৃত্তির আশঙ্কা
আন্তর্জাতিক ফারাক্কা কমিটি মনে করছে, গঙ্গা চুক্তি নিয়ে ভারতের বর্তমান অবস্থান ২০১১ সালে তিস্তা পানি বণ্টন চুক্তি নিয়ে তৈরি হওয়া জটিলতার কথা স্মরণ করিয়ে দিচ্ছে।
আইএফসির ভাষ্য, ২০১১ সালে দুই দেশের মধ্যে তিস্তা চুক্তির বিষয়ে সমঝোতা তৈরি হলেও পশ্চিমবঙ্গ সরকারের আপত্তির কারণে শেষ পর্যন্ত চুক্তিটি স্বাক্ষরিত হয়নি। ফলে গঙ্গা চুক্তির ক্ষেত্রেও শেষ মুহূর্তে কোনো জটিলতা তৈরি হলে তা বাংলাদেশ-ভারত পানি কূটনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বাংলাদেশের পক্ষ থেকে চিঠি
প্রতিবেদন অনুযায়ী, গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকারের কাছে চিঠি পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত নয়াদিল্লির পক্ষ থেকে ওই চিঠির কোনো জবাব পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে।
চুক্তির মেয়াদ শেষ হতে আর প্রায় তিন মাস বাকি থাকলেও আলোচনা এখনো চূড়ান্ত পর্যায়ে না পৌঁছানো এবং ভারতের পক্ষ থেকে অভ্যন্তরীণ পানির চাহিদার বিষয়টি সামনে আসায় উদ্বেগ প্রকাশ করেছে আইএফসি।
দ্রুত রাজনৈতিক উদ্যোগের আহ্বান
আন্তর্জাতিক ফারাক্কা কমিটি বলেছে, গঙ্গা পানি বণ্টনের মতো গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয়ে দীর্ঘসূত্রতা তৈরি হলে দুই দেশের সম্পর্কের পাশাপাশি পানি কূটনীতিতেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
তাই চুক্তির বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগেই বিষয়টি রাজনৈতিক পর্যায়ে নিয়ে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
অনুরূপ সংবাদ
ফায়ারিং প্রশিক্ষণে সেনাসদস্যের মৃত্যু, ছেলেকে হারিয়ে বারবার সংজ্ঞা হারাচ্ছেন মা
স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতার শঙ্কা, পুলিশের সক্ষমতায় ঘাটতি
শিল্পে গ্যাস সংকট ঠেকাতে নতুন এলএনজি টার্মিনাল, ১৫০ কূপ খননের পরিকল্পনা