‘সাইবার সুরক্ষা আইন, ২০২৬’ সংশোধন হচ্ছে; মেটাকে ২৪ ঘণ্টায় কনটেন্ট সরাতে বাধ্য করার বিধান যুক্ত করার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, অপতথ্য, মানহানিকর কনটেন্ট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর ছবি, ভিডিও ও অডিওর অপপ্রচার ঠেকাতে ‘সাইবার সুরক্ষা আইন’ সংশোধনের বড় উদ্যোগ নিয়েছে সরকার। নতুন সংশোধনীতে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাসহ আন্তর্জাতিক প্রযুক্তির প্ল্যাটফর্মগুলোকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ব্যবস্থা নিতে বাধ্য করার কঠোর আইনি বিধান যুক্ত করা হচ্ছে।
গতকাল সোমবার (৮ জুন) জাতীয় সংসদের অধিবেশনে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের ওপর আলোচনার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদকে এই তথ্য জানান। এর আগে বিকেল ৩টায় স্পিকারের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
হেলেন জেরিন খানের নোটিশ ও উদ্বেগ
বিএনপিদলীয় সংরক্ষিত আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান তাঁর নোটিশে ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি, বট নেটওয়ার্ক, এআই দিয়ে তৈরি ভুয়া কনটেন্ট, নারী ও শিশুদের অনলাইন হয়রানি এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে অপপ্রচার রোধে’ সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা জানতে চান।
তিনি বলেন, সংগঠিত বট নেটওয়ার্কের মাধ্যমে কৃত্রিমভাবে জনমত প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে এবং এআই ব্যবহার করে ভুয়া ছবি ও অডিও-ভিডিও তৈরি করে ব্যক্তি, প্রতিষ্ঠান, রাজনৈতিক দল তথা রাষ্ট্রের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে।
মতপ্রকাশের স্বাধীনতার নতুন সংজ্ঞা ও আইনের খসড়া
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, "কিছুদিন ধরে সামাজিক মাধ্যমে সরকারপ্রধান, তাঁর পরিবারসহ রাজনৈতিক ব্যক্তিত্বদের লক্ষ্য করে বিভিন্ন কুরুচিপূর্ণ কনটেন্ট ছড়ানো হচ্ছে। স্বাধীনতার নামে এবং মতপ্রকাশের স্বাধীনতার নামে যেসব কনটেন্ট সামাজিক মাধ্যমে প্রকাশিত হচ্ছে, সেটা আসলেই মতপ্রকাশের স্বাধীনতা কিনা, তা পুনরায় সংজ্ঞায়িত করা দরকার।"
সাইবার স্পেসের সংজ্ঞা নতুন করে নির্ধারণ করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম, ভার্চুয়াল মিডিয়াসহ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোকে কঠোর আইনের আওতায় আনা হবে। আজ (সোমবার) সকালেই এ বিষয়ে আমি একটা আইনি সংস্কার করার জন্য ড্রাফটে (খসড়া) হাত দিয়েছি।’
মন্ত্রী জানান, এই আইনটি ‘সাইবার সুরক্ষা আইন, ২০২৬’ নামে অভিহিত করা হবে। এর কতিপয় বিধান সংশোধন করে গুজব, অপতথ্য ও মানহানিকর কনটেন্ট নতুনভাবে সংজ্ঞায়িত করা হবে এবং এসব প্রতিরোধে নতুন শাস্তির বিধানও যুক্ত করা হবে।
২৪ ঘণ্টার মধ্যে মেটাকে অ্যাকশন নিতে হবে
হেলেন জেরিন খানের এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের আইনি সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। তিনি বলেন, "আমাদের পার্শ্ববর্তী দেশে আইনি সুরক্ষার মাধ্যমে মেটাকে ২৪ ঘণ্টার মধ্যে অ্যাকশন নিতে বাধ্য করার বিধান রয়েছে। কিন্তু আমাদের বিটিআরসি এবং সংশ্লিষ্ট সাইবার আইনে সেই বিধানটা নেই। ফলে আমরা মেটাকে অনুরোধ পাঠালেও তারা বলে—তোমাদের তো আইনটা ঠিকমত নাই। আইনি কাভার না থাকলে প্রেশার দেওয়া যায় না।"
তিনি স্পষ্ট করেন, নতুন সংশোধনীতে আন্তর্জাতিক প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোর সঙ্গে সমন্বয়, সময়সীমাভিত্তিক কনটেন্ট অপসারণ এবং রিপোর্ট করা কনটেন্ট অপসারণ প্রক্রিয়া কার্যকর ও জবাবদিহিমূলক করার বিধান থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিটিআরসিসহ ক্ষমতাপ্রাপ্ত সংস্থাকে সরাসরি কনটেন্ট ব্লক বা অপসারণের ক্ষমতা দেওয়া হবে।
আসছে অনলাইন জুয়া ও মাদক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী
সাইবার আইনের পাশাপাশি অন্যান্য অপরাধ দমনেও নতুন আইনের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন:
"জুয়া প্রতিরোধে আমাদের এখনও ১৮৬৭ সালের প্রাচীন আইন দিয়ে চলতে হচ্ছে। নতুন বাস্তবতায় অনলাইন জুয়া, অফলাইন জুয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সংঘটিত অপরাধ ঠেকাতে নতুন ‘জুয়া প্রতিরোধ আইন’ চূড়ান্ত পর্যায়ে আছে। আশা করছি সংসদের এই অধিবেশনেই তা আনতে পারব।"
পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন নিয়েও সংশোধনী আনার কথা জানান মন্ত্রী। তিনি উল্লেখ করেন, মাদক কারবারিরা আধুনিক অস্ত্রে সজ্জিত থাকলেও মাদকবিরোধী অভিযানে যাওয়া কর্মকর্তাদের পর্যাপ্ত অস্ত্র, ল্যাবরেটরি সুবিধা ও ডগ স্কোয়াড নেই। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে একটি শক্তিশালী ও স্বয়ংসম্পূর্ণ বাহিনী হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় আইনি প্রস্তাবগুলো দ্রুত সংসদে আনা হবে।
অনুরূপ সংবাদ
ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
‘মানুষকে সেবা দেওয়ার হাসপাতাল নিজেই এখন আইসিইউতে’: সংসদে এমপি সানসিলা জেবরিন
সংসদে প্রতিশ্রুতি দিয়ে রক্ষা না করায় জ্বালানি মন্ত্রীকে ‘স্টাডি’ করার পরামর্শ স্পিকারের