পরীক্ষা ছাড়া বেসরকারি ব্যাংকে চাকরি নয়, সনদ যাচাই বাধ্যতামূলক
বেসরকারি ব্যাংকের এন্ট্রি পর্যায়ের পদে এখন থেকে লিখিত ও মৌখিক পরীক্ষা ছাড়া নিয়োগ দেওয়া যাবে না। একই সঙ্গে নতুন কর্মকর্তা-কর্মচারীদের শিক্ষাগত সনদ যাচাই বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ বিষয়ে নতুন নির্দেশনা জারি করে। ব্যাংকিং খাতে স্বচ্ছতা, সুশাসন ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার লক্ষ্যেই এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
যেসব পদে পরীক্ষা বাধ্যতামূলক
যেসব এন্ট্রি পর্যায়ের পদে পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই, সেসব পদে নিয়োগের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষা নিতে হবে। এর মধ্যে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, সিনিয়র অফিসার, প্রবেশনারি অফিসার, ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার, জুনিয়র অফিসার ও ক্যাশ অফিসারের মতো পদ রয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তি ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট বা চাকরির ওয়েবসাইটের পাশাপাশি দেশের অন্তত দুটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করতে হবে।
প্রার্থীদের সশরীরে অথবা অনলাইনে নৈর্ব্যক্তিক/লিখিত পরীক্ষা দিতে হবে। এর পাশাপাশি মৌখিক পরীক্ষাও বাধ্যতামূলক। পরীক্ষার ফলের ভিত্তিতে যোগ্য ও মেধাবী প্রার্থী নির্বাচন করতে হবে।
এক বছরের মধ্যে সনদ যাচাই
নতুন কর্মকর্তা-কর্মচারী ব্যাংকে যোগদানের এক বছরের মধ্যে তাঁদের সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদ সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের মাধ্যমে যাচাই করতে হবে।
এ ছাড়া বর্তমানে ব্যাংকে কর্মরত কর্মকর্তাদের শিক্ষাগত সনদের সত্যতা ৩১ মার্চ ২০২৭ সালের মধ্যে যাচাই সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
পদোন্নতি বা আর্থিক ও অন্যান্য সুবিধা পাওয়ার জন্য কোনো কর্মকর্তা নতুন শিক্ষাগত বা পেশাগত সনদ জমা দিলে সেটিও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে যাচাই করে ব্যক্তিগত নথিতে সংরক্ষণ করতে হবে।
জাল সনদে কঠোর ব্যবস্থা
চাকরিতে যোগদানের সময় কিংবা চাকরিরত অবস্থায় কোনো কর্মকর্তা-কর্মচারীর শিক্ষাগত সনদ ভুয়া বা জাল প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মানবসম্পদ নীতিমালাও হালনাগাদের নির্দেশ
ব্যাংকগুলোর মানবসম্পদ ব্যবস্থাপনায় আরও শৃঙ্খলা আনতে প্রতিটি ব্যাংককে নিজস্ব মানবসম্পদ ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন বা হালনাগাদ করতে বলা হয়েছে।
নতুন নীতিমালায় নিয়োগ ও পদোন্নতি, ছুটি, আচরণবিধি, যৌন হয়রানি প্রতিরোধ, হুইসেলব্লোয়ার নীতি এবং স্বার্থের সংঘাত নিরসনসহ মোট ১৮টি বিষয় অন্তর্ভুক্ত রাখতে হবে।
বাংলাদেশ ব্যাংকের আশা, এসব নির্দেশনার ফলে বেসরকারি ব্যাংকে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে এবং মেধার ভিত্তিতে যোগ্য প্রার্থী নিয়োগের সুযোগ আরও শক্তিশালী হবে।
ভারতে পাট পাচার কেন বাড়ছে, ক্ষতি কার?
৮ ঘন্টা আগে
ভূমিধসে তিস্তা অবরুদ্ধ, এখন কেমন পরিস্থিতি?
৮ ঘন্টা আগে
সাক্ষরতায় এগোলেও প্রশ্ন রয়ে গেছে বাংলাদেশে
৯ ঘন্টা আগে
পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা
৯ ঘন্টা আগে