হামে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ব্যর্থতা, টিকার সংকট ও গণহারে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার (৮ জুন) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই মামলার আবেদন করেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল।
মামলার আবেদনে ড. মুহাম্মদ ইউনূস ও নুরজাহান বেগম ছাড়াও আসামি করা হয়েছে—সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, ড. ইউনূসের তৎকালীন বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক (ডিজি) ডা. আবু জাফরকে।
মামলার অভিযোগ ও অবহেলার বিবরণ
আদালত সূত্রে জানা গেছে, মামলার আবেদনে দেশের স্বাস্থ্য খাতের চরম অব্যবস্থাপনার অভিযোগ এনে বলা হয়েছে, আসামিদের দায়িত্বে অবহেলা, হামের জরুরি টিকা আমদানিতে ব্যর্থতা এবং চিকিৎসায় নিয়োজিত ব্যবস্থাপনার ত্রুটির কারণেই দেশজুড়ে বিপুলসংখ্যক শিশুর অকাল মৃত্যু ঘটেছে। এটি এক ধরনের কাঠামোগত হত্যাকাণ্ড ও অপরাধমূলক অবহেলা।
ইউনিসেফের ১০ বার সতর্কবার্তা ও চিঠি
টিকা সংকটের এই ভয়াবহ নেপথ্য তথ্য এর আগে গত ২০ মে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ‘ইউনিসেফ’-এর এক সংবাদ সম্মেলনে উঠে এসেছিল। বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স ওই সংবাদ সম্মেলনে জানান, দেশে হামের টিকার ভয়াবহ সংকটের বিষয়টি নিয়ে তাঁরা তৎকালীন অন্তর্বর্তী সরকারকে অন্তত ১০ বার সতর্ক করেছিলেন এবং এ বিষয়ে সুনির্দিষ্ট ৫টি আনুষ্ঠানিক চিঠিও দেওয়া হয়েছিল।
তবে রানা ফ্লাওয়ার্স স্পষ্ট করেছিলেন যে, টিকা ক্রয়ের ক্ষেত্রে কোনো ‘অর্থ সংকট’ ছিল না; বরং সরকারের অভ্যন্তরীণ সিদ্ধান্তহীনতা ও আমলাতান্ত্রিক ক্রয়সংক্রান্ত জটিলতার কারণেই এই কৃত্রিম সংকট তৈরি হয়েছিল এবং শিশুদের জীবন ঝুঁকিতে পড়েছিল।
ভয়াবহ রূপ নিয়েছে হাম: মৃত্যু ছাড়াল ৬০০
স্বাস্থ্য খাতের সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুরু করে আজ পর্যন্ত দেশে হাম ও হামজনিত বিভিন্ন উপসর্গে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে রেকর্ড ৬২০ জনে। আক্রান্তের সংখ্যাও দিন দিন জ্যামিতিক হারে বাড়ছে, যা জনস্বাস্থ্যে এক মহাবিপর্যয় সৃষ্টি করেছে।
আজ আদালতে মামলার আবেদন জমা দেওয়ার পর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিষয়টি আমলে নিয়ে শুনানির জন্য রেখেছেন। আইনি প্রক্রিয়া শেষে আদালত এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে তদন্ত বা নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করার নির্দেশ দিতে পারেন বলে জানিয়েছেন বাদীর আইনজীবী।
অনুরূপ সংবাদ
‘মানুষকে সেবা দেওয়ার হাসপাতাল নিজেই এখন আইসিইউতে’: সংসদে এমপি সানসিলা জেবরিন
সংসদে প্রতিশ্রুতি দিয়ে রক্ষা না করায় জ্বালানি মন্ত্রীকে ‘স্টাডি’ করার পরামর্শ স্পিকারের
স্বরাষ্ট্রমন্ত্রীর সীমান্ত মন্তব্য ‘আপত্তিকর ও নতজানু’, প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের