কক্সবাজারের বিচে সড়ক নির্মাণ স্থগিতের আদেশ: হাইকোর্টকে জাতিসংঘের অভিনন্দন
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ বন্ধে হাইকোর্টের দেওয়া নির্দেশকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন ও টেকসই পরিবেশবিষয়ক বিশেষ প্রতিনিধি (স্পেশাল র্যাপোর্টিয়ার) অ্যাস্ট্রিড পুয়েন্তেস রিয়ানো। অর্পিত দায়িত্বের প্রতি সুবিচার করে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক সমুদ্র ও সৈকত রক্ষায় রাষ্ট্রের পাশে দাঁড়ানোয় তিনি বাংলাদেশের হাইকোর্টকে বিশেষ অভিনন্দন জানিয়েছেন।
সম্প্রতি নিজের অফিশিয়াল লিংকডইন অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জাতিসংঘের এই স্পেশাল র্যাপোর্টিয়ার লিখেছেন, "বাংলাদেশ থেকে একটি চমৎকার খবর এসেছে! দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের কক্সবাজার সমুদ্রসৈকত রক্ষায় হাইকোর্ট বিভাগ সড়ক নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন।"
তিনি আরও উল্লেখ করেন যে, সড়কটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় (ইসিএ) তৈরি করা হচ্ছিল। এ ধরনের অবকাঠামো গড়ার আগে পরিবেশগত, সামাজিক, মানবাধিকার এবং জলবায়ুগত প্রভাবের সামগ্রিক ও স্বাধীন মূল্যায়ন করা রাষ্ট্রগুলোর আইনি দায়িত্ব। পাশাপাশি যাঁরা পরিবেশ ও স্বাস্থ্যকর পরিবেশ পাওয়ার অধিকার রক্ষায় আদালতে আইনি লড়াই চালিয়েছেন, তাঁদের প্রতিও তিনি ধন্যবাদ প্রকাশ করেন।
পটভূমি ও আদালতের নির্দেশনা
কক্সবাজার পৌরসভার উদ্যোগে সুগন্ধা পয়েন্ট থেকে হোটেল সায়মন পর্যন্ত ‘নো ডেভেলপমেন্ট জোনে’ ১.৬ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক নির্মাণের কাজ চলছিল। এই নির্মাণের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) জনস্বার্থে একটি রিট পিটিশন দায়ের করে।
রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে গত ২ সেপ্টেম্বর বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সড়ক নির্মাণ কার্যক্রমে আট সপ্তাহের নিষেধাজ্ঞা জারি করেন। একই সঙ্গে কক্সবাজার পৌরসভার এই নিয়মবহির্ভূত নির্মাণ রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।
ভারতে পাট পাচার কেন বাড়ছে, ক্ষতি কার?
৮ ঘন্টা আগে
ভূমিধসে তিস্তা অবরুদ্ধ, এখন কেমন পরিস্থিতি?
৮ ঘন্টা আগে
সাক্ষরতায় এগোলেও প্রশ্ন রয়ে গেছে বাংলাদেশে
৮ ঘন্টা আগে
পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা
৮ ঘন্টা আগে