হত্যা মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রোববার (১৭ মে) সিদ্ধিরগঞ্জ থানার পৃথক দুটি হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন ‘নো অর্ডার’ দিয়েছেন চেম্বার আদালত।
আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের এই আদেশের ফলে ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে থাকা মোট ১২টি মামলার সবকটিতেই জামিন বহাল রইল। আইনজীবীরা জানিয়েছেন, সব মামলায় জামিন পাওয়ায় তাঁর কারামুক্তিতে এখন আর কোনো আইনি বাধা নেই।
আজ আদালতে আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু ও আইনজীবী এস এম সিদ্দিকুর রহমান। তাঁদের সঙ্গে ছিলেন আইনজীবী এস এম হৃদয় রহমান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।
শুনানি শেষে আইভীর আইনজীবী প্যানেলের সদস্য এস এম হৃদয় রহমান জানান, সবকটি মামলায় জামিন বহাল থাকার প্রত্যয়ন ও আদালতের আনুষ্ঠানিক আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আইনি আনুষ্ঠানিকতা শেষে চলতি সপ্তাহের মধ্যেই তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাবেন বলে আশা করা হচ্ছে।
অনুরূপ সংবাদ
ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তুলল পুলিশ
ট্রাকচালক হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ আসামির অভিযোগ গঠন শুনানি ৮ অক্টোবর
অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারও পেছাল