Wednesday, 11 February 2026

ব্রেকিং নিউজ:

লিওনেল মেসি ২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে যা জানালেন

খেলাধুলা December 5, 2025 10:05 AM ১০৭ দর্শক
লিওনেল মেসি ২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে যা জানালেন

বিশ্বকাপের মূল বাছাইপর্ব শেষ হওয়ার আগেই ৪৮ দলের মধ্যে ৪২টি দেশের জায়গা নিশ্চিত হয়েছে। আগামী প্রায় ছয় মাস পর শুরু হতে যাওয়া বিশ্বকাপের প্রস্তুতি যখন তুঙ্গে, তখনও টুর্নামেন্টে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

এক সাক্ষাৎকারে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে মেসি জানান, বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত অংশগ্রহণ করা পুরোপুরি শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে। তিনি বলেন, দলকে মাঠে সহায়তা করতে পারলে ভালো লাগবে, তবে কোনো কারণে খেলতে না পারলেও সেই অভিজ্ঞতাকে মেনে নিতে প্রস্তুত তিনি।

২০২২ সালে কাতার বিশ্বকাপে মেসির নেতৃত্বেই তিন দশকের অপেক্ষা ঘুচিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এ ছাড়া দুটি কোপা আমেরিকা জয়েও রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা রেকর্ড আটবারের ব্যালন দ’র জয়ী এ তারকা ফুটবলার।

৩৮ বছর বয়সেও নিজের ছন্দ হারাননি মেসি। ক্লাব ফুটবলে নিয়মিত গোল পাচ্ছেন, দলকে নিয়ে যাচ্ছেন বড় মঞ্চে। তাই তাঁকে ঘিরেই আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে আর্জেন্টিনা দল ও সমর্থকরা। তবে নিজেকে নিয়ে আগেভাগেই কোনো প্রতিশ্রুতি দিতে নারাজ এই মহাতারকা।

মেসির ভাষ্য, বিশ্বকাপ সব দেশের জন্যই বিশেষ একটি আসর, তবে আর্জেন্টিনার জন্য এর গুরুত্ব আরও বেশি, কারণ তারা এই টুর্নামেন্টকে আবেগের জায়গা থেকে উপভোগ করে।

তবে বিশ্বকাপ না খেললেও বর্তমান আর্জেন্টিনা দল নিয়ে যথেষ্ট আশাবাদী মেসি। তাঁর মতে, জাতীয় দলে এখন অসাধারণ মানের খেলোয়াড়দের সমাহার রয়েছে এবং কোচ লিওনেল স্কালোনির নেতৃত্বে দলটি প্রতিনিয়ত আরও শক্তিশালী হচ্ছে।

তিনি বলেন, দলে জয়ের মানসিকতা স্পষ্টভাবে দেখা যায়। অনুশীলন হোক বা ম্যাচ—সব ক্ষেত্রেই খেলোয়াড়দের মনোভাব ইতিবাচক এবং তারা নিজেদের সর্বোচ্চটা দিতে প্রস্তুত থাকে।

নতুন খেলোয়াড়দের অন্তর্ভুক্তি নিয়েও আশাবাদ ব্যক্ত করেন মেসি। তাঁর মতে, একটি ইতিবাচক ও জয়ের অভ্যাস থাকা দলে নতুনদের মানিয়ে নিতে সমস্যা হয় না, বরং দল আরও শক্তিশালী হয়ে ওঠে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন শুরু হতে যাচ্ছে ৪৮ দলের বিশ্বকাপ। বিশ্বকাপের মাঝেই ৩৯ বছরে পা দেবেন মেসি। শুক্রবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠান, যেখানে আর্জেন্টিনা থাকবে শীর্ষ বাছাইয়ের তালিকায়।

অনুরূপ সংবাদ