Wednesday, 11 February 2026

ব্রেকিং নিউজ:

কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন পেলেন শেখ মজিবর রহমান ইকবাল

রাজনীতি December 4, 2025 07:00 PM ১৩৮ দর্শক
কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন পেলেন শেখ মজিবর রহমান ইকবাল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর–নিকলী) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবর রহমান ইকবাল।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে আরও ৩৬টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন। একইসঙ্গে পূর্বে স্থগিত থাকা কিশোরগঞ্জ জেলার দুটি আসনেও প্রার্থী ঘোষণা করা হয়।

ঘোষণা অনুযায়ী, কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর–নিকলী) আসনে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবর রহমান ইকবাল দলীয় মনোনয়ন পেয়েছেন। এর মধ্য দিয়ে এ দুই আসনকে কেন্দ্র করে চলমান নানা জল্পনা-কল্পনার অবসান ঘটে।

বিশেষ করে কিশোরগঞ্জ-৫ আসনটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। প্রথম ধাপে বিএনপির ঘোষিত তালিকায় এ আসনটি স্থগিত থাকায় রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন তৈরি হয়। দলীয় প্রার্থীর বিষয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যেও ছিল উৎকণ্ঠা।

এ পরিস্থিতিতে শেখ মজিবর রহমান ইকবালকে দলীয় প্রার্থী করার দাবিতে বাজিতপুর ও নিকলী উপজেলার নেতাকর্মীরা রাজপথে নামেন। তারা বাজিতপুর থেকে নিকলী পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়কজুড়ে মানববন্ধন কর্মসূচি, শোডাউন ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন।

গত ২৭ নভেম্বর বাজিতপুরের ঐতিহাসিক ডাকবাংলো মাঠে শেখ মজিবর রহমান ইকবালের আহ্বানে অনুষ্ঠিত জনসভায় হাজারো মানুষের উপস্থিতি নজর কাড়ে। দলীয় প্রতীক ‘ধানের শীষ’ দেওয়ার দাবিতে সমবেত জনতা এক কণ্ঠে দাবি তোলে। ওই জনসমাবেশ পরবর্তীতে মনোনয়ন নিয়ে ইতিবাচক সাড়া তৈরি করেছে বলে স্থানীয় নেতাকর্মীদের অভিমত।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতাকর্মীদের আবেগ ও তৃণমূলের প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই এবারে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপির প্রার্থী ছিলেন শেখ মজিবর রহমান ইকবাল। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে তিনি বাজিতপুর ও নিকলী এলাকায় সক্রিয়ভাবে দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। ফলে মনোনয়ন পাওয়ার খবরে স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

অনুরূপ সংবাদ