হত্যা-চাঁদাবাজিমুক্ত রাজনীতির আহ্বান ছাত্রশিবির সভাপতির
গাইবান্ধায় অনুষ্ঠিত যুব ও ছাত্র সমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, দেশে আর কোনো হত্যা, চাঁদাবাজি ও দখলদারিত্বের রাজনীতি দেখতে চায় না ছাত্রসমাজ। যারা এসব অপরাধমূলক রাজনীতির সঙ্গে জড়িত, তাদের স্থায়ীভাবে রাজনৈতিক অঙ্গন থেকে উৎখাত করার দাবি জানান তিনি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধার স্বাধীনতা প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ। এ দেশের ভবিষ্যৎ নির্ভর করছে যুবসমাজের হাতে। সঠিক নেতৃত্ব ও দিকনির্দেশনা পেলে তরুণরাই দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে পারে।
তিনি আরও বলেন, দেশের মেধাবী শিক্ষার্থীদের যদি যথাযথভাবে জনসম্পদে পরিণত করা যায়, তাহলে বাংলাদেশ বিশ্বদরবারে একটি উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।
সমাবেশে জেলা যুব বিভাগের সভাপতি ও জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানা সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন সাবেক জেলা আমির ডা. আব্দুর রহিম সরকার, কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা আমির মো. আব্দুল করিম, জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার, নায়েবে আমির অধ্যাপক মাজেদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, সাংগঠনিক সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু, ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক মো. রিয়াজুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, জেলা ছাত্রশিবির সভাপতি ফেরদৌস সরকার রুম্মানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে জামায়াতে ইসলামী মনোনীত জেলার পাঁচ সংসদ সদস্য প্রার্থীকে সঙ্গে নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সকালে গাইবান্ধা সরকারি কলেজে নবীনবরণ ও শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক একটি সেশন অনুষ্ঠিত হয়।
অনুরূপ সংবাদ
চাঁদাবাজির অভিযোগে আটক এমপি মান্নানের ছেলে সজীব মুচলেকায় মুক্ত, যুবদল থেকে বহিষ্কার
হঠাৎ রাতে জামায়াত আমীরের পোস্ট
বাজেটকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে বায়তুল মোকাররমে জামায়াতের বিক্ষোভ, আনুষ্ঠানিক প্রতিক্রিয়া কাল