Wednesday, 11 February 2026

ব্রেকিং নিউজ:

খালেদা জিয়া আগের চেয়ে সুস্থ, গুজবে কান দেবেন না: ইশরাক হোসেন

রাজনীতি December 4, 2025 10:38 AM ৫৬ দর্শক
খালেদা জিয়া আগের চেয়ে সুস্থ, গুজবে কান দেবেন না: ইশরাক হোসেন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। তিনি বলেছেন, খালেদা জিয়া বর্তমানে সর্বোচ্চ চিকিৎসাসেবা পাচ্ছেন এবং আশাব্যঞ্জক উন্নতি লক্ষ্য করা যাচ্ছে।

বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর গোপীবাগে নিজ বাসভবনে ওয়ারি থানা বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর খবর ও গুজবে কান না দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

ইশরাক হোসেন বলেন, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে দলীয়ভাবে দায়িত্বশীল ও নির্ভরযোগ্য তথ্য সময়মতো জনগণের সামনে তুলে ধরা হবে। তিনি আরও জানান, হাসপাতালে ভর্তি হওয়ার সময়ের তুলনায় এখন তিনি আলহামদুলিল্লাহ ভালো আছেন।

তিনি বলেন, “সারা দেশের মানুষ ও প্রবাসীরা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করছেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসার জন্য আসছেন। আমরা সবাই দোয়ার মাধ্যমে তাঁর পাশে আছি।”

আলোচনা সভায় আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত সহিংসতার ঘটনায় বিচারের দাবি তুলে ধরে ইশরাক হোসেন বলেন, এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিনি বলেন, নির্যাতন ও হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত নয়, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও তাদের কাছে বিএনপি যাবে এবং জনগণের ভোট চাইবে।

রাষ্ট্রের সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা বিএনপির অন্যতম বড় অবদান। দল ক্ষমতায় এলে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থার মাধ্যমে জনগণের প্রত্যাশা বাস্তবায়ন করা হবে।

ভোট ব্যবস্থা বিষয়ে তিনি বলেন, পাঁচ বছর পরপর কোনো দল যেন নির্বাচন ব্যবস্থাকে প্রভাবিত করতে না পারে, সে লক্ষ্যেই বিএনপি কাজ করবে। জনগণের রায়ে যারা নির্বাচিত হবেন, তা মেনে নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

দলের শৃঙ্খলা নিয়ে তিনি বলেন, বিএনপির নাম ব্যবহার করে যারা চাঁদাবাজি কিংবা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কাজে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

ওয়ারি থানা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক আরিফ, মোজ্জামেল হক, শিরীন, মোহাম্মদ ইব্রাহিম, মোবারক হোসেন, কাইয়ূমসহ স্থানীয় নেতারা।

অনুরূপ সংবাদ