ফেসবুক লাইভের কয়েক ঘণ্টার মধ্যেই সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা
গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮)। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি ছিলেন।
নিহত তুহিন ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তিনি পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার কিছু সময় আগে ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজির অভিযোগে একটি ফেসবুক লাইভ করেন তুহিন। পরে নিজের ফেসবুক প্রোফাইলে “যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য। গাজীপুর চৌরাস্তা”—শিরোনামে একটি ভিডিওও পোস্ট করেন। লাইভের পর তিনি মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসেছিলেন। সেখানেই হঠাৎ কয়েকজন সন্ত্রাসী তাকে ঘিরে ফেলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও জবাই করে পালিয়ে যায়। স্থানীয় লোকজনের সামনেই নির্মম এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই খবর পেয়ে বাসন থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান জানান, হত্যার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।
অনুরূপ সংবাদ
ঢাকা-১৫ আসন নিয়ে জামায়াত আমিরের সতর্কবার্তা
৩ সপ্তাহ আগে
জামায়াতের পলিসি সামিটে ৩০ দেশের প্রতিনিধি
৩ সপ্তাহ আগে