Wednesday, 11 February 2026

ব্রেকিং নিউজ:

সকালে নিখোঁজ, রাতে প্রতিবেশীর ঘর থেকে মিলল শিশু সাবার মরদেহ

সারাদেশ December 4, 2025 10:50 AM ৫৬ দর্শক
সকালে নিখোঁজ, রাতে প্রতিবেশীর ঘর থেকে মিলল শিশু সাবার মরদেহ

ঝিনাইদহে সকালে নিখোঁজ হওয়ার পর রাতে প্রতিবেশীর বাড়ি থেকে সাইমা আক্তার সাবা (৩) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার (৩ ডিসেম্বর) ঝিনাইদহ শহরের পবহাটি গ্রামে।

নিহত সাবা ওই গ্রামের সাইদুল ইসলামের কন্যা। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টার দিকে খেলতে বের হয়ে নিখোঁজ হয় শিশুটি। দীর্ঘ সময় খোঁজ করেও তাকে না পেয়ে দুপুরে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা।

এরপর এলাকাবাসী ও পুলিশ আশপাশের পুকুর ও আশ্রয়স্থলে খোঁজ চালালেও সন্ধ্যা পর্যন্ত কোনো সন্ধান মেলেনি। পরে রাত সাড়ে ৯টার দিকে প্রতিবেশী মাসুদের বাড়ির একটি কক্ষের ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) মনোজ কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধারের পর পুলিশ ঘটনাস্থল ঘিরে অপরাধের আলামত সংগ্রহ করেছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী মাসুদের স্ত্রী শান্তনা খাতুন (৩০)–কে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এদিকে, শিশুটির মরদেহ উদ্ধারের পর গোটা পবহাটি গ্রামে নেমে এসেছে শোক ও আতঙ্কের ছায়া। কন্যা হারিয়ে শোকে ভেঙে পড়েছেন তার বাবা-মা। এলাকাবাসী দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

অনুরূপ সংবাদ