জাতীয় ঐক্যে দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রেক্ষাপটে জাতীয় ঐক্য জোরদার করতে জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর দপ্তর ও সরকারের উচ্চপর্যায়ের দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, খুব শিগগিরই এই সংলাপ শুরু হতে পারে এবং রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ইতিমধ্যে ক্ষমতাসীন দল বিএনপি ও প্রধানমন্ত্রীর কার্যালয় সংলাপ আয়োজনের প্রাথমিক কাজ শুরু করেছে। আগামী সোমবার এনসিপির সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে এই সংলাপ পর্ব শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির মো. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বর্তমানে দেশের বাইরে রয়েছেন। দলীয় সূত্র অনুযায়ী, নাহিদ ইসলাম রোববার সন্ধ্যায় লন্ডন থেকে ঢাকায় ফিরবেন; তিনি গত ১৩ নভেম্বর যুক্তরাজ্য সফরে যান। অন্যদিকে শফিকুর রহমান গত শুক্রবার অস্ট্রেলিয়া সফরে গেছেন, সেখান থেকে মালয়েশিয়া হয়ে ২৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে। তবে সংলাপে কোন কোন দলকে আমন্ত্রণ জানানো হবে এবং আলোচনার সুনির্দিষ্ট এজেন্ডা কী হবে, তা এখনো চূড়ান্ত হয়নি বলে সরকার ও বিএনপি-সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানকে ইতিবাচকভাবে দেখার কথা জানিয়েছেন এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। শনিবার তিনি বলেন, এই ঐক্যের যেন ধারাবাহিকতা থাকে, সেটিই তাঁদের চাওয়া। তাঁর মতে, দেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে একটি স্বাভাবিক জোট রয়েছে; নতুন করে ঐক্যের প্রসঙ্গ আসায় সেই ঐক্যে কোথায় চিড় ধরেছে তা খতিয়ে দেখা এবং এর ভিত্তিমূল থাকা জরুরি।
সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ককটেল হামলা, যানবাহন ও পুলিশের স্থাপনায় হামলা, গ্রামীণ ব্যাংকের শাখা এবং বিএনপির সংসদ সদস্যসহ নেতাদের বাড়িঘরে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে। এসব সহিংস ও নাশকতামূলক কর্মকাণ্ডে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ করেছে পুলিশ।
এ পটভূমিতে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগকে 'সন্ত্রাসী গোষ্ঠী' আখ্যায়িত করে তা প্রতিহত করতে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানান। একই দিন সংসদে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে কথা বলেন। পরদিন ১৯ নভেম্বর জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য বৈঠক করে প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানকে সাধুবাদ জানায়। শনিবার রাজধানীর সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় ঐক্যের ভিত্তি হওয়া উচিত গণভোটের রায় বাস্তবায়ন।
বিএনপি-সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, সংসদের সমাপনী বক্তব্যে ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোকে এক মঞ্চে আসার যে আহ্বান প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, এই সংলাপের উদ্যোগকে তারই ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।
অনুরূপ সংবাদ
১২ ঘন্টা আগে
খিলক্ষেতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা: অভিযুক্ত ব্যক্তি স্থানীয় ছাত্রদলের সাবেক নেতা
১২ ঘন্টা আগে
আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধে প্রয়োজনে সংবিধান সংশোধন: প্রতিমন্ত্রী
১৫ ঘন্টা আগে
বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর চিন্তা বিএনপির, শুরুতে পদ নয়
১ দিন আগে
আজ ৬২তম জন্মদিনে পদার্পণ করলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান; দলীয় প্রধানের জন্মদিন উপলক্ষে কেক কাটা বা আড়ম্বরপূর্ণ কোনো উৎসব পালন না করার সিদ্ধান্ত বিএনপির
৪
৫
৯
১০
২