আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধে প্রয়োজনে সংবিধান সংশোধন: প্রতিমন্ত্রী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে প্রয়োজনে সরকার ও বিরোধী দল ঐকমত্যের মাধ্যমে সংবিধান সংশোধন করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার (২১ নভেম্বর ২০২৬) দুপুরে রংপুরে শহীদ আবু সাঈদের নামে স্টেডিয়ামের নামকরণ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মীর শাহে আলম বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি পেট্রোল বোমা মেরে ও থানা পুড়িয়ে অরাজকতা সৃষ্টি করে পরিস্থিতি পাল্টানোর চেষ্টা করলেও তাতে কোনো লাভ হবে না। বিগত অন্তর্বর্তী সরকারের নেওয়া নিষেধাজ্ঞার সিদ্ধান্ত সঠিক ও যৌক্তিক ছিল বলে মন্তব্য করে তিনি বলেন, প্রয়োজন হলে সংবিধান সংশোধনের মাধ্যমে দলটিকে চিরতরে নিষিদ্ধ করার বিষয়ে সরকার ও বিরোধী দল ঐকমত্যে পৌঁছাবে।
বর্তমান সরকারের অবস্থান তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, আগের সরকারের মতো গুম-হত্যা বা গুলির পথে না গিয়ে মানবিক ও ধৈর্যশীলভাবে পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে। তবে কোনো জেলার মানুষ যদি মনে করে সেখানে থানা, সরকারি অফিস-আদালত বা উন্নয়নের প্রয়োজন নেই, তবে সরকার সেখানে তা করবে না—বিষয়টি জনগণের ইচ্ছার ওপরই নির্ভর করবে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মীর শাহে আলম জানান, আইন সংশোধনের ফলে স্থানীয় নির্বাচন দলীয়ভাবে হচ্ছে না; এতে ধানের শীষ বা কোনো জাতীয় প্রতীক কিংবা সরাসরি দলীয় মনোনয়ন থাকবে না, প্রার্থীরা স্বতন্ত্র ব্যক্তি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে উপজেলা বিএনপি স্থানীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে সমর্থিত প্রার্থীর নাম নির্ধারণ করবে এবং কেউ দলীয় সমর্থনের বাইরে গেলে উপজেলা বা জেলা বিএনপির সুপারিশে কেন্দ্র সাংগঠনিক ব্যবস্থা নেবে।
এ ছাড়া শহীদ আবু সাঈদের নামে রংপুর স্টেডিয়াম চালুর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানের খেলা আয়োজন ও তা উপভোগ করার অধিকার স্থানীয় মানুষের রয়েছে এবং স্টেডিয়াম সংস্কারে ৫৪ লাখ টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের এমপি রেজেকা সুলতানা, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী, আরডিএ চেয়ারম্যান শামসুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুরূপ সংবাদ
৯ ঘন্টা আগে
জাতীয় ঐক্যে দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
১২ ঘন্টা আগে
খিলক্ষেতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা: অভিযুক্ত ব্যক্তি স্থানীয় ছাত্রদলের সাবেক নেতা
১৫ ঘন্টা আগে
বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর চিন্তা বিএনপির, শুরুতে পদ নয়
১ দিন আগে
আজ ৬২তম জন্মদিনে পদার্পণ করলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান; দলীয় প্রধানের জন্মদিন উপলক্ষে কেক কাটা বা আড়ম্বরপূর্ণ কোনো উৎসব পালন না করার সিদ্ধান্ত বিএনপির
৪
৫
৭
৯
১০
২