আমির হামজার তোরণের জন্য বকুলগাছের ডাল কেটে ‘ন্যাড়া’, পরে সরানো হলো তোরণ
চাঁপাইনবাবগঞ্জ শহরে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও ইসলামি বক্তা আমির হামজার আগমন উপলক্ষে নির্মিত একটি তোরণের সৌন্দর্য রক্ষায় প্রায় ১৫ বছরের পুরোনো বকুলগাছের ডালপালা কেটে ফেলার অভিযোগ উঠেছে। পৌরসভার অনুমতি ছাড়া গাছের ডাল কাটার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও সমালোচনা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার রাতে শহরের শান্তির মোড় এলাকার সড়ক বিভাজকে থাকা গাছটির ডালপালা কেটে ফেলা হয়। বিষয়টি নিয়ে সমালোচনা তৈরি হলে শনিবার সকালে আয়োজকেরা তোরণটি সরিয়ে নেন।
আগামী ৭ অক্টোবর নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ইসলামি সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে একটি ইসলামি মাহফিল হওয়ার কথা রয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা সূত্র জানিয়েছে, শান্তির মোড়ের সড়ক বিভাজকে থাকা গাছটি প্রায় ১৫ বছর ধরে পথচারী ও স্থানীয় মানুষকে ছায়া দিয়ে আসছিল। গরমের সময় পথচারী, ট্রাফিক পুলিশ ও ইজিবাইকের যাত্রীরাও গাছটির নিচে আশ্রয় নিতেন।
পৌরসভার সহকারী প্রকৌশলী নুরুল আওলিয়া বলেন, গাছটি পৌরসভার মালিকানাধীন। ডালপালা কাটার জন্য পৌরসভার কোনো অনুমতি নেওয়া হয়নি। তাঁর ভাষ্য, গাছ কাটার সময় একটি বিশেষ দলের লোকজন সেখানে দাঁড়িয়ে থাকায় স্থানীয় দোকানদারেরাও ভয়ে প্রতিবাদ করতে পারেননি।
স্থানীয় এক দোকানি বলেন, গাছটি পুরোপুরি ‘ন্যাড়া’ করে ফেলা হয়েছে। ডাল কাটার সময় তাঁর খারাপ লাগলেও দলবল নিয়ে এসে দোকানের ক্ষতি করতে পারে—এমন আশঙ্কায় তিনি বাধা দেননি।
পরিবেশবাদী সংগঠন ‘সেভ দ্য ন্যাচার’-এর প্রধান সমন্বয়ক রবিউল হাসান বলেন, একটি ধর্মীয় অনুষ্ঠানের তোরণ নির্মাণের জন্য ছায়াদানকারী একটি গাছের এতটা ক্ষতি করা যৌক্তিক নয়। তাঁর মতে, তোরণ সরিয়ে নেওয়া হলেও গাছটির যে ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
তবে গাছের ডাল কাটার বিষয়টি স্বীকার করেছেন ইসলামি সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ও পৌর জামে মসজিদের ইমাম আসলাম কবীর। তিনি বলেন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা ও প্রকৌশলীকে জানিয়ে ডেকোরেটরের লোক দিয়ে ডালপালা কাটানো হয়েছিল। তবে গাছটি এতটা কেটে ফেলা হবে, তা তাঁরা বুঝতে পারেননি। পরে বিষয়টি দেখে তাঁরও খারাপ লেগেছে বলে জানান তিনি। এ ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন।
আমির হামজাকে আমন্ত্রণ জানানোর বিষয়ে আসলাম কবীর বলেন, তাঁকে ইসলামি বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তাঁদের সংগঠনের সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই। তিনি জানান, মাহফিলে বিএনপি ও অন্যান্য দলের স্থানীয় নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
জেলা জামায়াতের আমির আবু জার গিফারীও বলেন, অনুষ্ঠানের সঙ্গে জামায়াতের সাংগঠনিক সম্পর্ক নেই। তবে তিনি মন্তব্য করেন, যে কারণেই হোক, এভাবে গাছের ডালপালা কেটে ফেলা ঠিক হয়নি।
অনুরূপ সংবাদ
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেওয়ার কারণেই আখতারুজ্জামান গ্রেপ্তার: গোলাম পরওয়ার
মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন: গোলাম পরওয়ার
দেশকে ভালো করতে ইমামতির মতো সমাজেরও দায়িত্ব নিতে হবে আলেমদের: জামায়াত আমির