আলেমদের নামাজের ইমামতির মতো সমাজের দায়িত্বও নিতে হবে: শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আলেমদের শুধু মসজিদ ও মিম্বারের দায়িত্ব পালন করলেই হবে না; নামাজের ইমামতির পাশাপাশি সমাজের দায়িত্বও নিতে হবে।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর আইডিইবি মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের জাতীয় কাউন্সিল ও মুফাসসির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বর্তমানে দেশের মানুষ নানা ধরনের কষ্ট ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। এ অবস্থায় আলেমদের সমাজের মানুষের অধিকার আদায়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যুগে যুগে জাতি যখন পথ হারিয়েছে, তখন উলামায়ে কেরাম মানুষকে সঠিক পথ দেখিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আলেমদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মানুষকে তিরস্কার করে নয়, ভালোবাসা ও দায়িত্ববোধের মাধ্যমে ইসলামের দিকে উদ্বুদ্ধ করতে হবে। ইলমের চর্চা ও আমলের মাধ্যমে মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে।
অনুষ্ঠানে তিনি আরও বলেন, দুই-একজনের ভুলের কারণে পুরো আলেম সমাজের ভাবমর্যাদা যেন ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। আলেমদের নিজেদের চরিত্র ও কর্মকাণ্ডের ব্যাপারেও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
এর আগে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য অধ্যাপক মাওলানা নুরুল আমিনকে সভাপতি, মাওলানা নাসির উদ্দিন হেলালীকে সেক্রেটারি এবং মাওলানা আবুল কালাম আজাদ আযহারীকে সাংগঠনিক সেক্রেটারি করে ২৫ সদস্যের কার্যকরী পরিষদ ও ১০১ সদস্যের জাতীয় পরিষদ গঠন করা হয়।
সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে পাঁচ শতাধিক মুফাসসির, মাদ্রাসার মুহাদ্দিস, মুফতি, অধ্যক্ষসহ আলেমরা উপস্থিত ছিলেন।
অনুরূপ সংবাদ
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেওয়ার কারণেই আখতারুজ্জামান গ্রেপ্তার: গোলাম পরওয়ার
আমির হামজার তোরণের জন্য বকুলগাছের ডাল কেটে ‘ন্যাড়া’, পরে সরানো হলো তোরণ
মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন: গোলাম পরওয়ার