সৌরবিদ্যুতে শুল্ক-কর ছাড়, বাড়ছে নিম্ন স্তরের সিগারেটের দাম
নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক-কর ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে নিম্ন স্তরের সিগারেটের ন্যূনতম মূল্য বাড়ানোর প্রস্তাবও অনুমোদন করেছে মন্ত্রিসভা।
সোমবার রাতে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
সৌরবিদ্যুৎ উৎপাদনে শুল্ক-কর ছাড়
মন্ত্রিসভা নবায়নযোগ্য সৌরশক্তি উৎপাদন কেন্দ্র স্থাপনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে বিশেষ শুল্ক-কর সুবিধা দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে।
প্রস্তাব অনুযায়ী, প্রজ্ঞাপন জারির পর ১৮০ দিন পর্যন্ত নির্দিষ্ট কিছু শুল্ক ও কর থেকে ছাড় পাওয়া যাবে। এর মধ্যে ১ শতাংশের অতিরিক্ত কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, ভ্যাট, আগাম কর ও অগ্রিম আয়কর অন্তর্ভুক্ত রয়েছে।
সরকারের আশা, এই সুবিধার ফলে দ্রুত সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়বে। পাশাপাশি বিদ্যুৎ ঘাটতি মোকাবিলা, শিল্প উৎপাদন সচল রাখা, উৎপাদন ব্যয় কমানো এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে এটি ইতিবাচক ভূমিকা রাখবে।
বাড়ছে নিম্ন স্তরের সিগারেটের দাম
অন্যদিকে নিম্ন স্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য পুনর্নির্ধারণের প্রস্তাবও অনুমোদন করেছে মন্ত্রিসভা।
বর্তমানে প্রতি ১০ শলাকা নিম্ন স্তরের সিগারেটের মূল্যসীমা ৬২ টাকা ও তদূর্ধ্ব থাকলেও তা পরিবর্তন করে ৬৫ টাকা ও তদূর্ধ্ব করার প্রস্তাব করা হয়েছে।
সরকারের মতে, এই পরিবর্তনের ফলে সিগারেটের অবৈধ বাণিজ্য কমানোর পাশাপাশি রাজস্ব আদায় বাড়ানো সম্ভব হবে।
বাংলাদেশ-হংকং বিনিয়োগ চুক্তির প্রস্তাব অনুমোদন
মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে বিনিয়োগ সুরক্ষা ও বিনিয়োগ উন্নয়নসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।
প্রস্তাবিত চুক্তির মাধ্যমে দুই পক্ষের বিনিয়োগের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশে হংকংয়ের নতুন বিনিয়োগ আকৃষ্ট করার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
চুক্তিটি স্বাক্ষরিত হলে শিল্পায়ন, কর্মসংস্থান, প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর এবং উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়তে পারে। প্রস্তাবিত চুক্তির মেয়াদ হবে ১০ বছর।
ভারতে পাট পাচার কেন বাড়ছে, ক্ষতি কার?
৮ ঘন্টা আগে
ভূমিধসে তিস্তা অবরুদ্ধ, এখন কেমন পরিস্থিতি?
৯ ঘন্টা আগে
সাক্ষরতায় এগোলেও প্রশ্ন রয়ে গেছে বাংলাদেশে
৯ ঘন্টা আগে
পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা
৯ ঘন্টা আগে