পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সগুলোতে এবার এযাবৎকালের রেকর্ড ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা পাওয়া গেছে। নগদ অর্থের পাশাপাশি বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও মিলেছে। প্রায় ১৫ ঘণ্টার দীর্ঘ প্রক্রিয়ায় এই টাকা গণনার কাজ সম্পন্ন হয়।
শনিবার (২১ নভেম্বর ২০২৬) রাত সোয়া ১০টার দিকে গণনা শেষে এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন। তিনি জানান, মসজিদের ইতিহাসে এটিই এখন পর্যন্ত প্রাপ্ত সর্বোচ্চ পরিমাণ দান।
প্রায় পাঁচ মাস পর শনিবার সকাল সাড়ে সাতটায় মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। বাক্সগুলো থেকে অন্তত ৫১ বস্তা টাকা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার সংগ্রহ করে মেঝেতে ঢেলে গণনা শুরু হয়। এর আগে সর্বশেষ চলতি বছরের ২৭ জুন দানবাক্স খুলে ৪৩ বস্তায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গিয়েছিল।
টাকা গণনার কার্যক্রমে দুটি মাদ্রাসার প্রায় সাড়ে ৩০০ শিক্ষার্থী, রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা-কর্মচারী, মসজিদ কমিটি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর সদস্যসহ পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। এ সময় কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিন, অতিরিক্ত জেলা প্রশাসক ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল হক ও সদর ইউএনও কামরুল হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, মসজিদ ও ইসলামী কমপ্লেক্সের ব্যয় নির্বাহের পর অবশিষ্ট অর্থ ব্যাংকে জমা রাখা হয়। নতুন এই অর্থ যুক্ত হওয়ার আগে পর্যন্ত মসজিদের তহবিলে জমার পরিমাণ দাঁড়িয়েছে ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা; এর বাইরে অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আরও ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা জমা রয়েছে। পাশাপাশি বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে নগদায়ন করে ৬৫ লাখ ৬২ হাজার ৭২৪ টাকা পাওয়া গেছে এবং সোনা-রুপার নিলাম কার্যক্রম চলমান রয়েছে।
উল্লেখ্য, কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে অবস্থিত পাগলা মসজিদে দান করলে মনের আশা পূরণ হয়—এমন বিশ্বাস থেকে দেশ-বিদেশের মানুষ এখানে দান করেন। তহবিলের লভ্যাংশ থেকে জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার পাশাপাশি অসহায় ও জটিল রোগীদের চিকিৎসায় আর্থিক সহায়তা দেওয়া হয়।
অনুরূপ সংবাদ
১৩ ঘন্টা আগে
সন্তান ফিরে পেতে মার্কিন বাবার লড়াই, পাসপোর্টে বদলে গেছে পরিচয়
২ দিন আগে
বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশের ২৩ জেলায় ব্যাপক নাশকতা; দুটি ট্রেন ও ১২টি বাসে অগ্নিসংযোগ এবং গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও বিএনপির সংসদ সদস্যের বাড়িতে হামলা ও আগুন
২ দিন আগে
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের সময় দায়িত্বপ্রাপ্ত ইমামকে মিম্বার থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে মারধর ও মুসল্লিদের ওপর হামলার মামলায় সাবেক খতিব মুফতি রুহুল আমিন পাঁচ দিনের রিমান্ডে
২ দিন আগে
বর্তমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে গার্মেন্টস শ্রমিকদের জন্য জীবনধারণ উপযোগী ন্যূনতম মজুরি নির্ধারণ এবং কর্মপরিবেশ উন্নয়নের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চ
৪
৫
৭
৯
১০
২