আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই: সেলিম ভূঁইয়া
আগামী ১০ বছরেও দেশে সরকার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনের সংসদ সদস্য মো. সেলিম ভূঁইয়া। শনিবার (২১ নভেম্বর ২০২৬) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
সেলিম ভূঁইয়া বলেন, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই—এ বিষয়ে তিনি গ্যারান্টি দিচ্ছেন। মানুষের প্রত্যাশার কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণ যেভাবে ভোট দিয়েছে, তাতে মানুষ এখন জানে যা করার বিএনপিই করবে।
শিক্ষা প্রশাসনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সময় দায়িত্ব পালন করা ব্যক্তিদের বিষয়ে অভিযোগ থাকলে তথ্যপ্রমাণসহ তাঁকে জানানোর আহ্বান জানান সংসদীয় কমিটির এই সভাপতি। তিনি বলেন, শিক্ষা বোর্ড, পরিচালকের কার্যালয় বা শিক্ষাসংশ্লিষ্ট দপ্তরে আওয়ামী লীগের কেউ থাকলে তার প্রমাণ তাঁর কাছে পাঠালে তিনি তা খতিয়ে দেখবেন।
বিগত সরকারের আমলে নিজের ওপর নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরে সেলিম ভূঁইয়া বলেন, তাঁকে স্বাভাবিকভাবে কলেজ থেকে বিদায় নিতে দেওয়া হয়নি এবং আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তুলে নেওয়া হয়েছিল; এমনকি যাত্রাবাড়ীতে গাড়িতে আগুন দেওয়ার মতো অভিযোগ আনা হয়েছিল তাঁর বিরুদ্ধে। সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তারের প্রসঙ্গ টেনে তিনি অতীতে প্রবীণ বিএনপি নেতা এম কে আনোয়ারকে গ্রেপ্তার ও নিজের হ্যান্ডকাফ পরিয়ে আদালতে নেওয়ার কথা স্মরণ করেন। তবে তাঁরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নন বলেও উল্লেখ করেন, যদিও কাউকে বেপরোয়া হতে দেওয়া হবে না বলে সতর্ক করেন।
সম্মেলনে এনটিআরসির মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষকদের দূরবর্তী জেলায় বদলির কারণে সৃষ্ট পারিবারিক ও সামাজিক ভোগান্তির কথা তুলে ধরেন সেলিম ভূঁইয়া। তিনি উদাহরণ হিসেবে সিলেটের নারী শিক্ষককে বগুড়ায় এবং রংপুরের নারী শিক্ষককে বরিশালে বদলির কথা বলেন এবং জানান, এতে অনেক নারী শিক্ষক পরিবার থেকে দূরে থাকতে বাধ্য হচ্ছেন ও সংসার ভাঙার মতো ঘটনাও ঘটছে। কুমিল্লাকে শিক্ষার অঞ্চল হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করে শিক্ষকদের যেকোনো সমস্যা তাঁকে জানানোর আহ্বান জানান তিনি।
বাকশিসের কুমিল্লা জেলা শাখার সভাপতি মোহাম্মদ এমদাদুল হকের সভাপতিত্বে সম্মেলনে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আহসান পারভেজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা কুমিল্লা অঞ্চলের পরিচালক শহিদ উল্লা মজুমদার ও বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতারা বক্তব্য দেন।
অনুরূপ সংবাদ
৯ ঘন্টা আগে
পালিয়ে যাওয়াদের ক্ষমতায় ফেরার আশা দুঃস্বপ্নে পরিণত হবে: আবুল হাসান রুবেল
৯ ঘন্টা আগে
ঐক্যের ডাকে ইতিবাচক এনসিপি, তবে মানছে না নিঃশর্ত অবস্থান
৯ ঘন্টা আগে
রাজনীতিতে ফিরতে হলে রাজনৈতিক আচরণ করতে হবে: হাসনাত কাইয়ূম
১০ ঘন্টা আগে
আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে: হেফাজতে ইসলাম
৪
৫
৯
১০
২