সব নিয়ে গেছে, ব্যাংকগুলো এখন শূন্য মাঠের মতো পড়ে আছে: রিজভী
আগের সরকারের আমলে ব্যাংক খাত থেকে বিপুল অর্থ সরিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ব্যাংক খাতের এমন পরিস্থিতির মধ্যেই নতুন করে শিল্পকারখানা চালু করা এবং দেশের বস্ত্র ও পোশাকশিল্পকে টিকিয়ে রাখার উদ্যোগ নিতে হবে।
শনিবার বিকেলে রাজধানীর রমনায় অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এইবি) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন রিজভী। পোশাক খাতের বিদ্যমান সমস্যা ও তা সমাধানের করণীয় নিয়ে এ সভার আয়োজন করা হয়।
জ্বালানি ও বিদ্যুৎ সংকটে চাপে পোশাকশিল্প
দেশের বস্ত্র ও পোশাকশিল্পের বিভিন্ন সমস্যা তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, জ্বালানি ও বিদ্যুতের সংকট, বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং ঋণপত্র (এলসি) খোলার জটিলতার কারণে উদ্যোক্তারা সমস্যায় পড়ছেন। আন্তর্জাতিক ক্রেতাদের বিভিন্ন শর্ত পূরণ করাও তাঁদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, বস্ত্র ও পোশাকশিল্প বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস। এ খাতের সঙ্গে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান জড়িত। তাই উৎপাদন ব্যয় বৃদ্ধি ও আন্তর্জাতিক পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবিলা করে শিল্পটিকে টিকিয়ে রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
উদ্যোক্তাদের অর্থায়ন নিয়ে উদ্বেগ
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, এর ফলে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান কিছু সুবিধা নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। আন্তর্জাতিক ক্রেতাদের শর্ত পূরণে কারখানার অবকাঠামো ও কর্মপরিবেশ উন্নত করাও জরুরি।
তবে এসব পরিবর্তন বাস্তবায়নে উদ্যোক্তাদের অর্থায়ন প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতিতে শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
রাষ্ট্রায়ত্ত কারখানা লাভজনক করার তাগিদ
বন্ধ শিল্পকারখানা চালুর বিষয়ে রিজভী বলেন, রাষ্ট্রায়ত্ত কারখানাগুলো দক্ষ ও যোগ্য ব্যক্তিদের মাধ্যমে পরিচালনা করা গেলে সেগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব। এ ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
শিল্পপ্রতিষ্ঠানগুলোর আধুনিকায়ন ও পরিচালনায় প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনসহ অন্যরা।
অনুরূপ সংবাদ
হাসপাতালের জমিতে কাঁচাবাজারের আড়ত নির্মাণের অভিযোগ, স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে দখলের অভিযোগ
হাসিনার আমলে গণতান্ত্রিক পরিসর বন্ধ করে দেওয়া হয়েছিল: রিজভী
অস্ত্রসহ গ্রেপ্তার বিএনপি নেতার মুক্তির দাবিতে মোহাম্মদপুরে বিক্ষোভ