ভারতের আন্দোলনকারীদের পাশে নাহিদ ইসলাম, বললেন—‘আমরাও এর মধ্য দিয়ে গিয়েছি’
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নয়াদিল্লিতে আন্দোলনরত তরুণদের প্রতি সংহতি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণতান্ত্রিক অধিকার ও নির্বাচনী জবাবদিহি প্রতিষ্ঠার লড়াইয়ে বাংলাদেশের মানুষও একই ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে।
শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ইংরেজিতে প্রকাশিত এক বিবৃতিতে ভারতের তরুণ ও গণতন্ত্রকামী শক্তিগুলোর প্রতি সংহতি জানান নাহিদ। তিনি বলেন, ‘এই লড়াই শুধু আপনাদের একার নয়। ঢাকা থেকে আমরা আপনাদের পাশে আছি।’
বিক্ষোভকারীদের আটক ও ইন্টারনেট বন্ধের সমালোচনা
বিবৃতিতে নয়াদিল্লিতে শান্তিপূর্ণ বিক্ষোভকারী, আন্দোলনের সংগঠক ও সাংবাদিকদের আটকের পাশাপাশি ইন্টারনেট পরিষেবা বন্ধ এবং যন্তর মন্তরে বিধিনিষেধ আরোপের সমালোচনা করেন নাহিদ ইসলাম। তাঁর মতে, এসব পদক্ষেপ মৌলিক স্বাধীনতার জন্য হুমকি।
নির্বাচনের স্বচ্ছতা ও প্রাতিষ্ঠানিক স্বাধীনতা নিয়ে ওঠা উদ্বেগের জবাব স্বচ্ছভাবে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যারিকেড ও সেন্সরশিপ কোনো সমস্যার সমাধান নয়।
‘আমরাও এর মধ্য দিয়ে গিয়েছি’
বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের অভিজ্ঞতা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, জবাবদিহিমূলক ক্ষমতা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও মানবিক মর্যাদার দাবিতে বাংলাদেশের মানুষও লড়াই করেছে। তাই ভারতের আন্দোলনকারীদের সংগ্রাম তাঁরা উপলব্ধি করতে পারেন।
বাংলাদেশের গণ-অভ্যুত্থানের সময় ভারতীয় শিক্ষার্থী, লেখক ও স্বাধীনচেতা ব্যক্তিদের সংহতির কথাও স্মরণ করেন তিনি।
নাহিদ বলেন, হিন্দুত্ববাদী সংখ্যাগরিষ্ঠতাবাদ, ফ্যাসিবাদ কিংবা ধর্মীয় আধিপত্য দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। তাঁর বক্তব্য অনুযায়ী, কর্তৃত্ববাদ, সাম্প্রদায়িক বিদ্বেষ ও রাজনৈতিক অসহিষ্ণুতা বাংলাদেশ ও ভারত—উভয় দেশের মানুষের জন্যই প্রত্যাখ্যানযোগ্য।
তিনি আরও বলেন, ধর্ম, জাতপাত, লিঙ্গ কিংবা শ্রেণিনির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।
আটক ব্যক্তিদের মুক্তি ও সাংবাদিকদের নিরাপত্তার দাবি
ভারতীয় কর্তৃপক্ষের প্রতি শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। একই সঙ্গে আটক আন্দোলন-সংগঠকদের কোথায় রাখা হয়েছে এবং কোন আইনি ভিত্তিতে তাঁদের আটক করা হয়েছে, তা প্রকাশের দাবি জানিয়েছেন তিনি।
গণতান্ত্রিক অধিকার চর্চার কারণে আটক ব্যক্তিদের অবিলম্বে মুক্তি এবং সাংবাদিকেরা যেন ভয়ভীতি বা সরঞ্জাম জব্দের শিকার না হয়ে স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ করতে পারেন, তা নিশ্চিত করার আহ্বান জানান এনসিপির এই নেতা।
বাংলাদেশ-ভারতের অমীমাংসিত বিষয়ও তুলে ধরলেন
বিবৃতিতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার অমীমাংসিত বিষয়গুলোর কথাও উল্লেখ করেন নাহিদ ইসলাম। এর মধ্যে সীমান্তে হত্যাকাণ্ড, পানি বণ্টন, পরিবেশ সুরক্ষা ও জাতীয় সার্বভৌমত্বের প্রশ্ন রয়েছে বলে তিনি জানান।
ভারতের গণতন্ত্রকামী জনগণের প্রতি সংহতি জানিয়ে তিনি আন্দোলনকারীদের অবিচল থাকার আহ্বান জানান। একই সঙ্গে সাম্প্রদায়িক বিদ্বেষ প্রত্যাখ্যান করে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎকে ফ্যাসিবাদ ও বিভাজনের হাত থেকে রক্ষার ওপর গুরুত্ব দেন।
অনুরূপ সংবাদ
এনসিপির আলোচনা: বিএনপি ‘ডিজিটাল ফ্যাসিবাদ’ কায়েম করতে চায়
যারা চুরি করে, তাদেরই চোর ধরার দায়িত্ব দেওয়া হচ্ছে: হাসনাত আবদুল্লাহ
আলেমদের অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে নিজস্ব রাজনীতির খেলোয়াড় হতে বললেন হাসনাত