বরিশালে পত্রিকা কার্যালয় থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার
বরিশাল নগরের একটি পত্রিকা কার্যালয় থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে কয়েক পাতার কথিত সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
শুক্রবার সন্ধ্যায় নগরের প্যারারা রোডের একটি ভবনের দ্বিতীয় তলায় দৈনিক সমকালের আঞ্চলিক কার্যালয় থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ওই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় আরও কয়েকটি সংবাদমাধ্যমের আঞ্চলিক কার্যালয় রয়েছে।
কার্যালয়ে যেভাবে মিলল লাশ
বরিশাল কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক মেহেদি হাসান জানান, সন্ধ্যা সাতটার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে সমকাল কার্যালয়ের ভেতরে পুলক চ্যাটার্জিকে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ জানান, ঘটনাস্থল থেকে কয়েক পাতার সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হলেও পুলিশ বিষয়টি যাচাই-বাছাই করছে। এ ঘটনায় সিআইডির একটি দলও কাজ করছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
সাবেক ব্যুরোপ্রধান ছিলেন পুলক
সহকর্মী ও পরিবার সূত্রে জানা গেছে, পুলক চ্যাটার্জি দৈনিক সমকালের বরিশাল ব্যুরোপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৩ সালের দিকে তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপরও সাবেক ব্যুরোপ্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে তিনি মাঝেমধ্যে সমকালের আঞ্চলিক কার্যালয়ে যেতেন এবং সেখানে বসে পত্রিকা পড়তেন।
তাঁর স্ত্রী নীলোৎপলা মুখার্জি জানান, চাকরি হারানোর পর থেকে পুলক হতাশায় ভুগছিলেন। তবে তিনি আত্মহত্যা করতে পারেন—এমনটা পরিবারের কেউ ভাবেননি। একই কথা জানিয়েছেন তাঁর ভাই দীপক চ্যাটার্জি।
পরিবারের সঙ্গে যোগাযোগ না থাকায় খোঁজ
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বেলা তিনটার দিকে নগরের শ্রীনাথ চ্যাটার্জী লেনের বাসা থেকে বের হন পুলক চ্যাটার্জি। এরপর তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। বিষয়টি তাঁর স্ত্রী সমকালের বর্তমান ব্যুরোপ্রধান সুমন চৌধুরীকে জানান।
পরে সন্ধ্যায় সুমন চৌধুরী কার্যালয়ে গিয়ে ভেতর থেকে দরজা আটকানো দেখতে পান। দরজার ফাঁক দিয়ে পুলক চ্যাটার্জিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তিনি অন্য সংবাদকর্মী ও পুলিশকে খবর দেন। পরে পুলিশ দরজা ভেঙে তাঁর লাশ উদ্ধার করে।
পাঁচটি নোট উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ
পুলিশ সূত্রে জানা গেছে, পুলক চ্যাটার্জি আলাদা কাগজে পাঁচটি নোট লিখে গেছেন। এর একটি নোটে তাঁর মৃত্যুর জন্য কাউকে দায়ী না করার কথা লেখা ছিল বলে পুলিশ জানিয়েছে। বাকি চারটি নোট তাঁর স্ত্রী, ভাই, সমকালের আঞ্চলিক কার্যালয়ের পিয়ন এবং বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের উদ্দেশে লেখা।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত ও ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
সাংবাদিক অঙ্গনে শোক
পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশালের সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন বলেন, সাংবাদিকতার পাশাপাশি পুলক চ্যাটার্জি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে সক্রিয় ছিলেন। সাংবাদিকদের অধিকার আদায়েও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান
১১ ঘন্টা আগে
আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
১১ ঘন্টা আগে
আদানির বিদ্যুৎকেন্দ্রের ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং
২০ ঘন্টা আগে
ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান
১১ ঘন্টা আগে