লিভারের জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, চিত্রনাট্যকার ও অভিনেত্রী কারিনা কায়সার। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর গত শুক্রবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
আজ রবিবার (১৭ মে) বিকেলে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে চেন্নাই থেকে মরহুমের মরদেহ ঢাকায় আনা হয়েছে। তাঁর এই অকাল প্রয়াণে দেশের সাংস্কৃতিক ও ডিজিটাল অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ঢাকায় ৩ জানাজা ও শহীদ মিনারে শ্রদ্ধা
পারিবারিক সূত্রে জানা গেছে, মরদেহ দেশে পৌঁছানোর পর রাজধানীতে পর্যায়ক্রমে তিনটি জানাজা অনুষ্ঠিত হবে:
-
প্রথম জানাজা: বাদ মাগরিব বনানী ডিওএইচএস জামে মসজিদে।
-
দ্বিতীয় জানাজা: রাত ৮টায় বনানী দরবার শরিফ মসজিদে।
-
তৃতীয় জানাজা ও শ্রদ্ধা: রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে ভক্ত, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ রাখা হবে।
রাজধানীর আনুষ্ঠানিকতা শেষে আগামীকাল সোমবার (১৮ মে) সকাল ৭টায় মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আব্দুল্লাপুর এলাকায় চতুর্থ জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তরুণ প্রজন্মের প্রিয় মুখ
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ কনটেন্ট নির্মাণের মাধ্যমে তরুণ দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন কারিনা। কেবল কনটেন্ট ক্রিয়েটর হিসেবেই নয়, সাম্প্রতিক সময়ে ওটিটি প্ল্যাটফর্ম, নাটক ও চলচ্চিত্রেও নিজের মেধার স্বাক্ষর রেখেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি একজন দক্ষ চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন তিনি। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে আলোচিত ওয়েব সিরিজ ‘ইন্টার্নশিপ’ ও চলচ্চিত্র ‘৩৬-২৪-৩৬’।
'বাংলাদেশ তোমাকে মনে রাখবে': মোস্তফা সরয়ার ফারুকী
কারিনা কায়সারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে নিজের ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
তিনি লেখেন, “যখন মানুষের পাশে দাঁড়ানোর ডাক আসছিল তুমি নির্দ্বিধায় দাঁড়াইছিলা, কারিনা। বাংলাদেশ তোমাকে মনে রাখবে। আর আমি মনে রাখব তোমার উইটের কারণে, তোমার ডিলাইটফুল প্রেজেন্সের কারণে। তোমার সঙ্গে করা কাজ ‘৩৬-২৪-৩৬’-য়ের কারণে।”
পুরোনো স্মৃতি চারণ করে ফারুকী আরও লেখেন, “তুমি যেদিন প্রথম আমাদের বাসায় আসো সেদিন তুমি আমার আর তিশার সঙ্গে ছবি তুলতে চাইছিলা। বলছিলা আমাদের ফ্যান তুমি। আমরা বলছিলাম, আমরা তোমার ফ্যান। তুমি লজ্জা পেয়ে হাসতেছিলা। মানুষ মরে গেলে নাকি সব সত্য দেখতে পায়। এখন নিশ্চয়ই তুমি বিশ্বাস করছো আমরা তোমার অনেক বড় ফ্যান ছিলাম।”
পোস্টের শেষাংশে কারিনার আত্মার মাগফিরাত কামনা করে তিনি লেখেন, “আল্লাহ, তোমাকে বেহেশত নসিব করুক, কারিনা। রেস্ট ইন পিস, মাই সিস্টার!”
সামাজিক যোগাযোগমাধ্যমে কারিনার সহকর্মী, নির্মাতা ও লাখো ভক্ত এই মেধাবী তরুণীর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছেন।
সামান্য বৃষ্টিতে ভিজলেই সর্দি-জ্বর?
১০ ঘন্টা আগে
দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী
১৪ ঘন্টা আগে
রেকর্ড দামের পর এবার কমল স্বর্ণের দাম
২২ ঘন্টা আগে
হামের সংকট নিয়ে যা জানালেন তাসনিম জারা
২ দিন আগে