Wednesday, 11 February 2026

ব্রেকিং নিউজ:

তফসিল ঘোষণায় বিএনপির সন্তুষ্টি প্রকাশ, ‘ভোটের অধিকার বাস্তবায়নের আশা’

জাতীয় December 11, 2025 11:05 PM ৪৫ দর্শক
তফসিল ঘোষণায় বিএনপির সন্তুষ্টি প্রকাশ, ‘ভোটের অধিকার বাস্তবায়নের আশা’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) ঘোষণায় জনগণ আশ্বস্ত হয়েছে এবং এতে ভোটাধিকার কার্যকরভাবে প্রতিষ্ঠিত হবে বলে তাদের বিশ্বাস।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এই নির্বাচন দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। আমরা আশা করছি, নির্বাচন কমিশন নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য ভোট আয়োজন করবে। এই নির্বাচনের মধ্য দিয়ে দেশে নতুন অধ্যায়ের সূচনা হবে।”

এর আগে সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণ দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। সরকারি টেলিভিশন বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে তা একযোগে প্রচার করা হয়।

তফসিল অনুযায়ী গুরুত্বপূর্ণ তারিখসমূহ

  • মনোনয়নপত্র জমা: আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত

  • যাচাই–বাছাই: ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি

  • আপিল গ্রহণ: ১১ জানুয়ারি পর্যন্ত

  • আপিল নিষ্পত্তি: ১২ থেকে ১৮ জানুয়ারি

  • প্রার্থিতা প্রত্যাহার: ২০ জানুয়ারি

  • প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি

  • প্রচারণা শুরু: ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত

  • ভোটগ্রহণ: আগামী বছরের ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)

  • একই দিনে গণভোটও অনুষ্ঠিত হবে

সিইসি জানান, বিভিন্ন কারণে এবারের জাতীয় নির্বাচন দেশের ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠা ও কাঙ্ক্ষিত সংস্কারের প্রক্রিয়ায় এই নির্বাচন তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়াকে তিনি নতুন অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন।

অনুরূপ সংবাদ