Wednesday, 11 February 2026

ব্রেকিং নিউজ:

কোন দলে যাচ্ছেন আসিফ মাহমুদ? যা জানা গেল

রাজনীতি December 10, 2025 09:04 PM ৫৯৮ দর্শক
কোন দলে যাচ্ছেন আসিফ মাহমুদ? যা জানা গেল

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পরবর্তী রাজনৈতিক অবস্থান নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে দলীয় অন্দরমহল—সবখানেই প্রশ্ন একটাই, আসিফ মাহমুদ কোন দলে যোগ দিচ্ছেন?

বিভিন্ন সূত্রে জানা গেছে, গণঅধিকার পরিষদের গুরুত্বপূর্ণ কোনো পদে যোগ দিতে পারেন সদ্য বিদায়ী এই উপদেষ্টা। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে দলটির নেতৃত্ব।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এ প্রসঙ্গে বলেন, “এখনো কিছু চূড়ান্ত হয়নি। তিনি একসময় আমাদের সঙ্গে রাজনীতি করেছেন। তার জন্য আমাদের দরজা সবসময় খোলা। এখনো সিদ্ধান্ত জানার মতো পর্যায়ে পৌঁছাইনি, কিন্তু যোগাযোগ আছে।”

তিনি আরও বলেন, আসিফ মাহমুদ কোন দলে যোগ দেবেন—এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি বিএনপি, এনসিপি কিংবা গণঅধিকার পরিষদের যেকোনো একটি দল বেছে নিতে পারেন।

ঢাকা-১০ আসনে আসিফ মাহমুদের আগ্রহ

জানা গেছে, আসিফ মাহমুদের পছন্দের আসন ঢাকা-১০ (ধানমন্ডি এলাকা)। কিছুদিন আগেই তিনি সেখানে ভোটার হিসেবে নিজের ঠিকানা পরিবর্তন করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া কয়েকটি মন্তব্য থেকেও এই আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।

ঢাকা-১০ আসনটিতে বিশেষ বরাদ্দ দেওয়ার অভিযোগ নিয়েও তার নাম বিভিন্ন গণমাধ্যমে এসেছে, যা এই আসনে তার আগ্রহ আরও স্পষ্ট করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এনসিপি ও গণঅধিকার—দুই দিকেই খোলা সম্ভাবনা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্প্রতি ১২৫টি আসনে প্রার্থী ঘোষণা করলেও ঢাকা-১০ আসনটি ফাঁকা রেখেছে। এতে করে ধারণা করা হচ্ছে, এনসিপির পক্ষ থেকেও তাকে জায়গা করে দেওয়া হতে পারে।

অন্যদিকে গণঅধিকার পরিষদও ওই আসনে এখনো কাউকে চূড়ান্তভাবে ঘোষণা করেনি। ফলে দুই দলেই তার যোগদানের সম্ভাবনা উন্মুক্ত রয়ে গেছে।

এদিকে বিএনপি প্রথম দফায় ঢাকা-১০ আসনটি ফাঁকা রাখলেও দ্বিতীয় দফায় সেখানে প্রার্থী দিয়েছে দলটি। বিএনপির প্রার্থী হিসেবে শেখ রবিউল আলমের নাম ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও অ্যাডভোকেট জসীম উদ্দিন সরকার প্রচারণা চালাচ্ছেন। তবে দল দুটোই জানিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত এখনও পরিবর্তন হতে পারে।

রাশেদ খানের সঙ্গে দীর্ঘ সম্পর্ক

রাশেদ খান বলেন, “বিশ্ববিদ্যালয় জীবন থেকেই আসিফ মাহমুদের সঙ্গে আমার ঘনিষ্ঠতা। রাজনীতিতে তার বেড়ে ওঠার একটা সময় ছিল আমাদের সাথেই। সেখান থেকে তার প্রতি আমাদের একটা স্নেহ ও ভালোবাসার জায়গা আছে। সে যদি মনে করে আমাদের সঙ্গে রাজনীতি করবে, সে সুযোগ আছে।”

তিনি আরও জানান, আসিফ মাহমুদের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে, তবে কোনো বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শুধু গণঅধিকারে যোগ দেওয়া নয়, বরং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল, নির্বাচন ও পরিস্থিতি নিয়ে বিভিন্ন আলোচনা হয়েছে।

নিজের বক্তব্যে আসিফ মাহমুদ

পদত্যাগোত্তর সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন,
“আমি নির্বাচন করব। তবে কোন দল থেকে করব, সেটা এখনো নিশ্চিত না। বলার মতো কিছু হলে তখনই বলব।”

সব মিলিয়ে, আপাতত গুঞ্জনই ভরসা। আসিফ মাহমুদ শেষ পর্যন্ত কোন রাজনৈতিক দলে যোগ দেন—তা জানতে অপেক্ষায় রাজনৈতিক অঙ্গন।

অনুরূপ সংবাদ