Wednesday, 11 February 2026

ব্রেকিং নিউজ:

“জনগণকে নিয়ে ক্ষমতায় যেতে চাই, কোনো আনহোলি নেক্সাসের মাধ্যমে নয়”—হাসনাত আবদুল্লাহ

জাতীয় December 9, 2025 05:50 PM ৫৩ দর্শক
“জনগণকে নিয়ে ক্ষমতায় যেতে চাই, কোনো আনহোলি নেক্সাসের মাধ্যমে নয়”—হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, জনগণের সমর্থন ছাড়া কোনো শক্তির ওপর ভর করে ক্ষমতায় যেতে তারা আগ্রহী নন। তিনি বলেন, “আমরা জনগণকে সঙ্গে নিয়ে ক্ষমতায় যেতে চাই। কোনো ‘আনহোলি নেক্সাস’, মিডিয়া, মিলিটার বা গণতন্ত্রকে নিয়ন্ত্রণ করে পাশের দেশের সমর্থনে ক্ষমতায় যাওয়ার রাজনীতি আমরা করি না।”

মঙ্গলবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ চত্বরে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য দিতে এসে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

হাসনাত বলেন, ১৪ জুলাই আন্দোলনকারীদের ‘রাজাকারের নাতিপুতি’ বলে সম্বোধন করার পর সারাদেশের শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ওই বক্তব্য প্রত্যাহারের দাবি ওঠে এবং সংশ্লিষ্টদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়।

তিনি অভিযোগ করেন, পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয় এবং এতে ছাত্রলীগ ও সরকারি দলের কয়েকজন শীর্ষ নেতার প্ররোচনা ছিল। তিনি আরও দাবি করেন, নারী শিক্ষার্থীরাও এ হামলার শিকার হন।

হাসনাত জানান, ১৫ জুলাই হল থেকে শিক্ষার্থীদের বের করে দেওয়া হয় এবং প্রশাসনের যোগসাজশে নির্যাতিত হওয়ার অভিযোগ ওঠে। এর প্রতিবাদে ১৬ জুলাই সারাদেশে বিক্ষোভ হয়। তিনি বলেন, ওই দিন রংপুরে আবু সাঈদকে গুলি করে হত্যা করা হয় এবং চট্টগ্রামে ওয়াসিমসহ মোট ছয়জন শিক্ষার্থী নিহত হন।

তিনি আরও বলেন, ১৭ জুলাই গায়েবানা জানাজা দিতে গেলে তা দমাতে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়।

হাসনাত অভিযোগ করেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান—সামরিক বাহিনী, গণমাধ্যম ও বিচার বিভাগ—নিয়ন্ত্রণের মাধ্যমে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছিলেন।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার মামলায় বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য হাসিবুর রশীদসহ ৩০ জন আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন হাসনাত আবদুল্লাহ।

অনুরূপ সংবাদ