Wednesday, 11 February 2026

ব্রেকিং নিউজ:

নির্বাচনের দিনই গণভোটে সম্মত ইসলামী সমমনা ৮ দল

জাতীয় December 9, 2025 11:14 AM ১১৮ দর্শক
নির্বাচনের দিনই গণভোটে সম্মত ইসলামী সমমনা ৮ দল

জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত ইসলামী সমমনা আট দল দেশের সার্বিক স্বার্থ বিবেচনায় জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজনের সিদ্ধান্ত মেনে নিয়েছে।

সোমবার রাতে দলগুলোর লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে নেতারা এ সিদ্ধান্তের কথা জানান।

সংবাদ সম্মেলনে আট দলের শরিক সংগঠন খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আব্দুল কাদের জানান, গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করতে ডিসেম্বর মাসজুড়ে প্রচারণা চালাবে সংশ্লিষ্ট দলগুলো।

তিনি আরও জানান, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন মেনে নেওয়া হলেও মূল কয়েকটি দাবি এখনো বহাল রয়েছে। এর মধ্যে রয়েছে—নির্বাচনে সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা, ফ্যাসিবাদী অপরাধীদের বিচার এবং ফ্যাসিবাদের সহযোগী রাজনৈতিক দলগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ।

এক আসনে এক প্রার্থী

বৈঠকে সিদ্ধান্ত হয়—আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিটি আসনে ৮ দলের পক্ষ থেকে সমঝোতার ভিত্তিতে একজন প্রার্থী দেওয়া হবে। ওই আসনে জোটভুক্ত অন্য কোনো দল আলাদা প্রার্থী দেবে না।

লিয়াজোঁ কমিটির বৈঠক

এর আগে সন্ধ্যায় পুরানা পল্টনের কালভার্ট রোডে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন আট দলের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক এবং জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ।

এ ছাড়া বৈঠকে অংশ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রতিনিধিরা।

অনুরূপ সংবাদ