Wednesday, 11 February 2026

ব্রেকিং নিউজ:

ধর্ম দিয়ে রাষ্ট্র বিভাজনে বিশ্বাস করি না: মির্জা ফখরুল

জাতীয় December 7, 2025 12:11 PM ৫২ দর্শক
ধর্ম দিয়ে রাষ্ট্র বিভাজনে বিশ্বাস করি না: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ধর্মভীরু জনগণের দল হলেও ধর্মের মাধ্যমে রাষ্ট্রে বিভাজন সৃষ্টিতে বিশ্বাস করে না। তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে দেশে বিভাজনের পরিবেশ তৈরির চেষ্টা করছে।

রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “দীর্ঘ ১৫ বছর পর দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ এসেছে। কিন্তু সেই পথ মোটেও সহজ নয়। নানা ধরনের বাধা সৃষ্টি করা হচ্ছে, বিএনপির বিরুদ্ধে চলছে পরিকল্পিত অপপ্রচার। সাইবার পরিমণ্ডলেও সজাগ ও সতর্ক থাকতে হবে।”

তিনি বলেন, “দেশকে প্রকৃত অর্থে এগিয়ে নিতে হলে ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করতে হবে।” এ সময় তিনি দাবি করেন, একমাত্র বিএনপিই দেশকে এগিয়ে নেওয়ার রাজনৈতিক সামর্থ্য রাখে।

তরুণ সমাজ সম্পর্কে মির্জা ফখরুল বলেন, “তরুণদের চিন্তাধারায় ইতোমধ্যে বড় ধরনের পরিবর্তন এসেছে। সবাই সর্বস্তরে পরিবর্তন চায়। নতুন বাংলাদেশের চিন্তা এখন সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়েছে।” এ কারণে বিএনপিকে সময়োপযোগী ও আধুনিক চিন্তার আলোকে পুনর্গঠন করতে চান বলেও জানান তিনি।

খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই পুরো চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন।” তিনি বলেন, “দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁর চিকিৎসায় নিয়োজিত আছেন। আমরা আশাবাদী, জনগণের দোয়ায় মহান আল্লাহ তাঁকে সুস্থ করবেন।”

অনুরূপ সংবাদ