Wednesday, 11 February 2026

ব্রেকিং নিউজ:

নির্বাচন করতে ব্যর্থ হলে ইন্টেরিম সরকারকে ইতিহাস ক্ষমা করবে না- আল্লামা মামুনুল হক

জাতীয় December 2, 2025 02:42 AM ৮২ দর্শক
নির্বাচন করতে ব্যর্থ হলে ইন্টেরিম সরকারকে ইতিহাস ক্ষমা করবে না- আল্লামা মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লাম মামুনুল হক বলেছেন , নির্বাচন করতে ব্যর্থ হলে ইন্টেরিম সরকারকে ইতিহাস ক্ষমা করবে না।

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে আন্দোলনরত ৮ দল খুলনার উদ্যোগে নগরীর ঐতিহাসিক বাবরী চত্বরে (শিববাড়ী মোড়) খুলনা বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লাম মামুনুল হক বলেছেন, জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে দেখতে পাচ্ছি, বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত। ৭২ এর বাকশালপন্থি আর একভাগ ২০২৪ সালের বিপ্লবপন্থি শক্তি। তিনি বলেন, রক্তের সাগর পেরিয়ে ২৪ এর জুলাই বিপ্লবের পর যেই ফ্যাসিবাদ বিতাড়িত করা হয়েছে, সেই ফ্যাসিবাদ বাংলার মাটিতে আর আসবে না। জুলাই সনদের আইনি ভিত্তি কার্যকরে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম। জুলাই সনদকে চূড়ান্ত আইনি ভিত্তি দিতে গণভোটের আয়োজন করতে হবে। একসঙ্গে তালগোল পাকিয়ে এই মহত্বকে নষ্ট করবেন না। জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করা হোক। তিনি আরও বলেন, ইন্টেরিম সরকার ব্যর্থ হলে- ইতিহাস তাদের ক্ষমা করবে না। ইতিহাস কাউকে ক্ষমা করে না। কলঙ্ক নিয়ে আপনাদেরও বিদায় নিতে হবে। বাংলার মানুষ আজ ঐক্যবদ্ধ। দলীয় প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি ‘হ্যাঁ’ ভোটের ব্যালটে ভোট দিয়ে বাক্স ভরে ফেলতে হবে। নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা দেখা দিলে সরকারকে তার দায় নিতে হবে। তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
 
বিশেষ অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন বলেন, ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থেকে দেশকে তলাবিহীন ঝুঁড়িতে পরিণত করেছে। তারা চেয়েছিল ৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। ৮ দল ক্ষমতায় গেলে চাঁদাবাজ থাকবে না। জনগণ ঐক্যবদ্ধ হয়েছে, এটাকে কেউ ভাঙতে পারবে না ইনশাআল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ নেজামী ইসলামী পার্টির মহাসচিব মুফতি মুসা বিন ইযহার বলেন, খান জাহান আলীর শহর খুলনা, রূপালী শহর খুলনা। যারা সংস্কারের বিরুদ্ধে থাকবে, আগামী নির্বাচনে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। যারা শরীয়া আইন চায়না জনগণ তাদের লাল কার্ড দেখাবে। আমাদের সিসা ঢালা এই ঐক্য ধরে রেখে ইসলামী সংসদ গড়ে তুলব ইনশাআল্লাহ।
 
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী বলেন, এদেশের সংবিধান হবে আল্লাহর কুরআন। সংসদ গঠিত হবে কুরআনের আইন দিয়ে। যেকোনো ষড়যন্ত্র আমরা মোকাবেলা করব। মানুষকে বোঝাতে হবে আল্লাহর আইন ছাড়া শান্তি সম্ভব না।
 
বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বলেছেন, যারা বলেছিলেন ইসলামী আন্দোলনের মহাসচিবকে খুলনায় আসতে দিবে না। তারা এসে দেখে যান বাবরী চত্বর ইসলাম প্রিয় জনতায় ভরে উঠেছে। জাতীয় নির্বাচন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ৫ আগস্টে জনগণ দেখেছে এদেশের জনগণ হিন্দুত্ববাদ কায়েম করতে চায় না। বাংলাদেশের জনগণ চাঁদাবাজি দেখতে চায় না। গণভোটের প্রশ্নে তিনি বলেন, গণভোটকে ‘হ্যাঁ’ বলুন, ৮ দলের প্রতীকে সিল মারুন।
 
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপির চেয়ারম্যান এডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন বলেন, জুলাইয়ের পরে আর কাউকে অকাতরে জীবন দিতে হবে না। আমরা দেশদ্রোহীদের বিরুদ্ধে একত্রিত হয়েছি। এদেশের মানুষ অন্য দেশের দালালি করতে চায় না। মানুষ দালালি নয়- মুক্তি চায়।
 
সমাবেশে স্থানীয় নেতারা বলেন, যারা এ দেশে ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তাদের গ্রহণ করা হবে নাকি বর্জন করা হবে- এ সিদ্ধান্ত নিতে হবে। ৮ দলীয় জোট মাঠে একত্র হয়ে কাজ করতে পারলে আগামীর বাংলাদেশ হবে শান্তির, দুর্নীতিমুক্ত বাংলাদেশ। ৮ দলের দাবির পক্ষে জনগণ এক হয়েছে। হকের পথে জিহাদ ও সাধনা চালিয়ে যেতে হবে। হক আদায়ে আগামী নির্বাচনে মাঠে নামতে হবে। ৮ দল মিলে আগামী দিনগুলোতে দেশ শাসন করবে ইনশাআল্লাহ। চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। জাতীয় সংসদে মজলুম মানুষের পক্ষে কাজ করার সুযোগ সৃষ্টি হবে। এখন যারা চাঁদাবাজি ও দখলবাজির শিকার তাদের মুক্তির জন্য ৮ দলকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে।
 
নেতৃবৃন্দ আরও বলেন, আমরা আর প্রতারণার ফাঁদে পড়তে চাই না। আগে গণভোট দিতে হবে, তারপর নির্বাচন। পিআর ব্যবস্থা উচ্চ এবং নিম্ন কক্ষে চালু করতে হবে। আমরা সরকারকে বলছি- সোজা আঙুলে ঘি না উঠলে, আঙুল বাঁকা করতে হবে। ৮ দলের ঐক্য ভাঙতে ষড়যন্ত্র চলছে, কিন্তু আমরা সকল ষড়যন্ত্র প্রতিহত করব ইনশাআল্লাহ। আগামী সংসদে ইসলামী পতাকা উত্তোলনের জন্য যা যা প্রয়োজন, তা আমাদের ঐক্যবদ্ধাভাবে করতে হবে।

অনুরূপ সংবাদ