Wednesday, 11 February 2026

ব্রেকিং নিউজ:

চাঁদাবাজি-দুর্নীতি বন্ধ না হলে “৫ আগস্টের পুনরাবৃত্তি” হতে পারে: জামায়াত আমির

জাতীয় December 1, 2025 10:41 PM ৭২ দর্শক
চাঁদাবাজি-দুর্নীতি বন্ধ না হলে “৫ আগস্টের পুনরাবৃত্তি” হতে পারে: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেছেন, দেশে চাঁদাবাজি ও দুর্নীতির অবসান হয়নি; বরং পরিস্থিতি আরও উদ্বেগজনক আকার ধারণ করেছে। তার দাবি, ক্ষুদ্র থেকে বড়—কোনো ব্যবসায়ীই এখন নিরাপদ নন, সর্বত্র চাঁদার চাপ বেড়েছে।

সোমবার (১ ডিসেম্বর) খুলনার শিববাড়ি মোড়ে অনুষ্ঠিত আট দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন। চাঁদাবাজির পাশাপাশি ক্যু করার চেষ্টাও চলছে বলে অভিযোগ করেন তিনি। তার ভাষায়, দেশের মানুষ দিশাহারা ও ক্ষুব্ধ হয়ে পড়ছে, আর এই পরিস্থিতি চলতে থাকলে নতুন করে বড় ধরনের জনআন্দোলনের আশঙ্কা রয়েছে।

ডা. শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণকে হতাশ ও ক্ষুব্ধ অবস্থায় ঠেলে দিলে আবারও গণ-আন্দোলনের সৃষ্টি হতে পারে। তিনি বলেন, মানুষ যদি বিকল্প পথ খুঁজতে বাধ্য হয়, তবে পরিস্থিতি অনাকাঙ্ক্ষিত দিকে মোড় নিতে পারে।

জাতিকে বিভক্ত করার চেষ্টার অভিযোগ তুলে জামায়াত আমির বলেন, কেউ কেউ ইচ্ছাকৃতভাবে দেশের মধ্যে হিংসা ও বিভাজন সৃষ্টি করছে। তিনি উদাহরণ দিয়ে বলেন, যেমন চিংড়ি মাছ পেছনের দিকে সরে যায়, তেমনি কিছু রাজনৈতিক গোষ্ঠী সামনে এগোনোর পথ খুঁজে না পেয়ে পিছনের দিকে রাজনীতি করতে চাইছে।

সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, ১৯৭২ সালের সংবিধান কার্যত ফ্যাসিবাদী কাঠামোর প্রতীক হয়ে উঠেছে। তার মতে, যারা এ সংবিধানের পক্ষে কথা বলেন, তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের বিপক্ষে অবস্থান নিচ্ছেন। তিনি আরও দাবি করেন, বেগম খালেদা জিয়াও কখনো ১৯৭২ সালের সংবিধানের পক্ষে অবস্থান নেননি।

সমাবেশে জামায়াত আমির বলেন, “আমরা কোনো জোটের বিজয় চাই না, আমরা চাই ১৮ কোটি মানুষের বিজয়। কোনো দলের নয়, আমরা মজলুম মানুষের পক্ষে বিজয় চাই।”

অনুরূপ সংবাদ