Wednesday, 11 February 2026

ব্রেকিং নিউজ:

জাতীয় নির্বাচন নিয়ে প্রেস সচিবের স্পষ্ট বার্তা

জাতীয় December 1, 2025 06:58 PM ১৫০ দর্শক
জাতীয় নির্বাচন নিয়ে প্রেস সচিবের স্পষ্ট বার্তা

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে—এ বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, বাংলাদেশ ফেব্রুয়ারির প্রথমার্ধেই একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের দিকে এগোচ্ছে।

সোমবার (১ ডিসেম্বর) সকালে নিজের ফেসবুক প্রোফাইলে একটি সংবাদলিংক শেয়ার করে তিনি এ কথা বলেন। পোস্টে তিনি উল্লেখ করেন, নির্বাচন কমিশন খুব শিগগিরই নির্বাচনের তপশিল ঘোষণা করবে এবং নির্বাচন আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে শেষ পর্যায়ে রয়েছে।

প্রেস সচিব জানান, অন্তর্বর্তী সরকার শুরু থেকেই নির্বাচন প্রস্তুতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বচ্ছভাবে কাজ করে যাচ্ছে। নিরাপত্তা ব্যবস্থায় রেকর্ডসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের পাশাপাশি অভূতপূর্ব সংখ্যক সশস্ত্র বাহিনীর সদস্যও দায়িত্ব পালন করবেন বলে তিনি উল্লেখ করেন। সম্প্রতি নতুন জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) নিয়োগ সম্পন্ন হয়েছে এবং এ নিয়োগ নিয়ে বড় ধরনের কোনো বিতর্ক ওঠেনি বলেও মন্তব্য করেন তিনি।

শফিকুল আলম বলেন, অধিকাংশ রাজনৈতিক দল ইতোমধ্যে তাদের প্রার্থী ঘোষণা করেছে এবং নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে। তিনি আরও জানান, জুলাই চার্টার গ্রহণের মাধ্যমে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হয়েছে, যার ফলে নির্বাচন ও সম্ভাব্য গণভোট—দুটোর প্রস্তুতিই একসঙ্গে এগিয়ে চলছে।

একটি দৈনিকে প্রকাশিত জিল্লুর রহমানের মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, নির্বাচন নিয়ে বারবার সন্দেহ ও শঙ্কা তৈরি করে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কেন ১৯৯৬, ২০১৪, ২০১৮ বা ২০২৪ সালের মতো পরিস্থিতি আবার সৃষ্টি হবে—এ প্রশ্ন তুলে তিনি বলেন, বাস্তবতা এখন সম্পূর্ণ ভিন্ন।

আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কোনো দলকে নির্বাচনে না রাখলে নির্বাচন ‘অংশগ্রহণহীন’ বা ‘অবিশ্বাসযোগ্য’ হবে—এই যুক্তির সঙ্গে সরকার একমত নয়। তার মতে, বর্তমান বাস্তবতায় আওয়ামী লীগকে নির্বাচনী প্রক্রিয়ায় ফিরিয়ে আনার পক্ষে জোরালো কোনো জনসমর্থন নেই।

আন্তর্জাতিক সহযোগীদের অবস্থান তুলে ধরে তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচার ও রাজনৈতিক দায় স্বীকার ছাড়া আওয়ামী লীগের স্বাভাবিক রাজনৈতিক জীবনে ফিরে আসা সম্ভব নয় বলে আন্তর্জাতিক মহলও মনে করে। তার দাবি, সাম্প্রতিক ঘটনাতেও প্রতীয়মান হয়েছে যে দলটি এখনও সহিংসতাকে রাজনৈতিকভাবে লাভজনক কৌশল হিসেবে বিবেচনা করছে।

জিল্লুর রহমানের অনলাইন ভিডিও নিয়ে শফিকুল আলম বলেন, এসব ভিডিওতে গুজব, বিভ্রান্তি ও নানা ষড়যন্ত্রতত্ত্ব ছড়ানো হচ্ছে। একই সঙ্গে বিতর্কিত কিছু ব্যক্তিকে প্ল্যাটফর্ম দেওয়ার অভিযোগও করেন তিনি।

সবশেষে প্রেস সচিব বলেন, মানুষ যুক্তি ও বিবেচনা দিয়ে সিদ্ধান্ত নেবে। তবে তিনি জোর দিয়ে বলেন, আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারবে না এবং অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধেই একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করবে, ইনশাআল্লাহ।

অনুরূপ সংবাদ