Wednesday, 11 February 2026

ব্রেকিং নিউজ:

ডিবিতে মামলা করতে গেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম

জাতীয় December 1, 2025 04:33 PM ১৩৬ দর্শক
ডিবিতে মামলা করতে গেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম

অনলাইনে অপপ্রচারের শিকার হওয়ার অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম আইনি পদক্ষেপ নিতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গেছেন। তার বিরুদ্ধে ছড়ানো মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে মামলা প্রক্রিয়া চলমান বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে বিষয়টি নিশ্চিত করে সাদিক কায়েম বলেন, তিনি বর্তমানে ডিবির সাইবার ইউনিটে অবস্থান করছেন এবং মামলার কার্যক্রম চলছে। তিনি জানান, মামলার পর ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের কাছে বিস্তারিত জানানো হবে।

এর আগে সোমবার দিবাগত রাতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে মামলা করার ঘোষণা দেন সাদিক কায়েম। পোস্টে তিনি দাবি করেন, কিছু ভুঁইফোড় ও ভুয়া পরিচয়ের পেজ থেকে তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়ানো হচ্ছে।

তিনি লেখেন, সম্প্রতি ৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে নিষিদ্ধ ছাত্রলীগের কিছু ব্যক্তির সুপারিশ সংক্রান্ত বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পর থেকেই তার বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়। তিনি স্বরাষ্ট্র, আইন ও প্রধান উপদেষ্টার দপ্তরের একাধিক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে অভিযুক্তদের আইনের আওতায় আনতে অনুরোধ জানিয়েছেন বলেও দাবি করেন।

সাদিক কায়েম আরও বলেন, অতীতে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ছাত্রলীগের ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছেন। এরই প্রেক্ষিতে একটি মহল পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ফটোকার্ড ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাকে হেয় করার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি জানান, যেসব পেজ থেকে এসব অপপ্রচার চালানো হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং দোষীদের বিচারের মুখোমুখি করা হবে।

মামলা সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা জানানো হবে বলে জানিয়েছেন ডাকসুর ভিপি।

অনুরূপ সংবাদ