জামায়াত ক্ষমতায় গেলে জনগণকে আর দাবি জানাতে হবে না: ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তারা ক্ষমতায় গেলে জনগণকে আর কোনো দাবি জানাতে হবে না, মিছিল করতে হবে না কিংবা দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না। সরকারের দায়িত্ব হবে জনগণের অধিকার নিজ উদ্যোগে তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।
রোববার রাজধানীর মহাখালীতে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) অংশগ্রহণে আয়োজিত নরমাল ডেলিভারি বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএমআরসি ভবনের নিচতলায় আয়োজিত এ সেমিনারে সারা দেশ থেকে দুই শতাধিক নারী সিএইচসিপি অংশ নেন, যাঁদের প্রত্যেকেই কমপক্ষে দুই শতাধিক নরমাল ডেলিভারির অভিজ্ঞতা রয়েছে।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী আশ্বাসনির্ভর রাজনীতিতে বিশ্বাস করে না। তাঁর ভাষায়, “আমরা প্রতিশ্রুতির রাজনীতি নয়, অ্যাকশনের রাজনীতিতে বিশ্বাস করি। আশ্বাস বা ওয়াদা দিয়ে নয়, কাজের মাধ্যমে প্রমাণ দিতে চাই।”
দেশের রাজনীতি নিয়ে সমালোচনা করে তিনি বলেন, মানুষ ভালো হলেও খারাপ রাজনীতিবিদদের কারণে দেশ এগোতে পারছে না। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, তারা দুর্নীতির শিকড় ধরেই টান দেবেন, যাতে মূল থেকে তা উৎপাটন করা যায়।
শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, বর্তমানে দেশে মানসম্মত শিক্ষা নিশ্চিত হয়নি। তিনি মন্তব্য করেন, কোন বিষয়ে শিশু পড়াশোনা করবে, তা বাবা-মা নয়—শিক্ষক নির্ধারণ করবেন। তার মতে, লক্ষ্য হবে শিশুদের এমনভাবে গড়ে তোলা যেন তারা ভবিষ্যতে সমাজের বোঝা নয়, সম্পদে পরিণত হয়।
মায়ের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মা ছাড়া কোনো সমাজ বা সভ্যতা কল্পনাই করা যায় না।
স্বাস্থ্যখাতে উদ্যোগের ঘোষণা দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, আগামী এক বছরের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে দেশের ১০০টি ক্লিনিকে সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপন করা হবে। গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, বেসিক পর্যায় শক্তিশালী হলে ওপরের স্তরের প্রায় ৯০ শতাংশ চাপ কমে যায়। সরকারে যাওয়া না গেলেও এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান।
সেমিনারে ঢাকা–১৭ আসনে জামায়াতের প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানসহ সরকারি-বেসরকারি স্বাস্থ্য খাতের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুরূপ সংবাদ
বাজেটে কালো টাকা সাদা করার বিধান, কারা পাবেন এই সুবিধা?
বিরোধীদের এলাকায় নারী এমপিদের উন্নয়ন তদারকির দায়িত্ব নিয়ে যে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
‘সাইবার সুরক্ষা আইন, ২০২৬’ সংশোধন হচ্ছে; মেটাকে ২৪ ঘণ্টায় কনটেন্ট সরাতে বাধ্য করার বিধান যুক্ত করার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর