Wednesday, 11 February 2026

ব্রেকিং নিউজ:

গুইমারায় ‘জামায়াত-শিবির সাজিয়ে বিএনপিতে যোগদান’ নাটকের অভিযোগ

রাজনীতি November 26, 2025 09:44 PM ৬৩ দর্শক
গুইমারায় ‘জামায়াত-শিবির সাজিয়ে বিএনপিতে যোগদান’ নাটকের অভিযোগ

খাগড়াছড়ির গুইমারায় নিরীহ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের “জামায়াত-শিবির নেতা” পরিচয় দিয়ে বিএনপিতে যোগদান করানোর অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে জামায়াত ও শিবির সংশ্লিষ্টরা দাবি করেছেন, এটি পরিকল্পিতভাবে অপপ্রচার ও রাজনৈতিক নাটক মঞ্চায়নের শামিল।

বক্তব্যে বলা হয়, গত শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় গুইমারা উপজেলার অন্তত ১৯ জন ব্যক্তিকে খাগড়াছড়িতে নিয়ে গিয়ে বিএনপিতে যোগদান দেখানো হয় এবং তাদের জামায়াত-শিবিরের নেতাকর্মী হিসেবে উপস্থাপন করা হয়। অথচ বাস্তবে তাদের সঙ্গে জামায়াত বা ছাত্রশিবিরের কোনো সম্পর্ক নেই বলেও দাবি করা হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, এসব ব্যক্তির মধ্যে কেউ আগে থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, কেউ আওয়ামী লীগ, যুবলীগ বা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন, আবার কয়েকজন কোনো রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত ছিলেন না। তবুও তাদের “জামায়াত-শিবির নেতা” হিসেবে দেখানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন ধরে গুইমারায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের হুমকি, ভয়ভীতি ও চাপ দিয়ে বিএনপিতে যোগদানে বাধ্য করার চেষ্টা চলছে। কেউ কেউ বাড়িঘর, জমি সংক্রান্ত বিরোধ তুলে ধরে চাপের মুখে পড়ছেন, আবার কাউকে বলা হচ্ছে—“ক্ষমতায় এলে দেখে নেওয়া হবে।” এতে অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করা হয়।

একাধিক নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করে বলা হয়, তাদের অনেকেই অতীতে বিএনপি, আওয়ামী লীগ, যুবলীগ কিংবা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। অথচ যোগদান অনুষ্ঠানে তাদের জামায়াত-শিবিরের নেতা হিসেবে পরিচয় করানো হয়, যা মিথ্যাচার ও বিভ্রান্তিমূলক প্রচারণা বলে দাবি করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, প্রকৃতপক্ষে যারা আগে থেকেই বিএনপি কিংবা আওয়ামী লীগ সংশ্লিষ্ট ছিলেন, তাদের বিএনপিতে যোগদান হিসেবে দেখালেই সেটি স্বাভাবিক হতো। কিন্তু “জামায়াত-শিবির থেকে বিএনপিতে যোগদান” হিসেবে প্রচার করাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলা হয়েছে।

বক্তারা দাবি করেন, রাজনৈতিক পরিচয় নিজের পছন্দে নির্ধারণ করার অধিকার সবার আছে। তবে পরিচয় বিকৃতি করে “ফুটেজ তৈরি” করা রাজনৈতিক দেউলিয়াত্বের প্রকাশ।

শেষাংশে বলা হয়, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে ভয়ভীতি, হুমকি ও মিথ্যাচারের রাজনীতি কাম্য নয়। যারা প্রকৃত সত্য তুলে ধরেছেন, তারাও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করা হয়েছে। যদি তাদের কোনো ক্ষতি হয়, তার দায় গুইমারা উপজেলা বিএনপি ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে বহন করতে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

গুইমারাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, এই ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে প্রতিটি ঘটনা যাচাই করে প্রকৃত সত্য জানার চেষ্টা করার অনুরোধ জানানো হচ্ছে। একই সঙ্গে এই নাটকীয়তা ও মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

অনুরূপ সংবাদ