চাঁদাবাজদের দৌরাত্ম্যে আজ মানুষের জীবন অতিষ্ঠ : অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, চাঁদাবাজদের দৌরাত্ম্যে আজ মানুষের জীবন অতিষ্ঠ। গাজীপুরে এক সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়ে তিনি বৃহস্পতিবার রাতে ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে এ মন্তব্য করেন।
অধ্যাপক পরওয়ার বলেন, "চাঁদা না পেয়ে তারা শুধু ব্যবসাপ্রতিষ্ঠানেই হামলা করছে না, বরং নির্দ্বিধায় মানুষের প্রাণও কেড়ে নিচ্ছে। চাঁদার ভাগ-বাটোয়ারা নিয়েও তারা একে অপরকে খুন করছে। চাঁদাবাজ ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে দেশব্যাপী সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি।" তিনি দেশবাসীর প্রতি চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
তিনি আরও বলেন, দেশে আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। "যেখানে একজন সাংবাদিকই নিরাপদ নন, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?"—প্রশ্ন তোলেন তিনি।
বিবৃতিতে অধ্যাপক পরওয়ার উল্লেখ করেন, ৭ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা করে। তুহিন হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
তিনি জানান, হত্যার কয়েক ঘণ্টা আগে আসাদুজ্জামান তুহিন গাজীপুরে চাঁদাবাজি নিয়ে একটি লাইভ সম্প্রচার করেছিলেন। সেই রাতেই চাঁদাবাজ চক্র তাঁর প্রাণ কেড়ে নেয়। অধ্যাপক পরওয়ার এই হত্যাকাণ্ডকে জাতির জন্য এক অশনিসংকেত বলে উল্লেখ করে বলেন, "বর্তমান সরকার মানুষের জানমালের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে।"
তিনি দ্রুত সময়ের মধ্যে তুহিন হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
অনুরূপ সংবাদ
ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি: তারেক রহমান
দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী, বিভ্রান্তি দূর করতে তারেক রহমানের নির্দেশনা: নুরুল হক নুর
নতুন বাংলাদেশ’ বিনির্মাণে সুদূরপ্রসারী রূপরেখা তুলে ধরলেন ডা. শফিকুর রহমান
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের
ঢাকা-১৫ আসন নিয়ে জামায়াত আমিরের সতর্কবার্তা
৩ সপ্তাহ আগে
জামায়াতের পলিসি সামিটে ৩০ দেশের প্রতিনিধি
৩ সপ্তাহ আগে