সাজেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, ৬ পর্যটক আটক
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে যাওয়ার পথে আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেওয়ার অভিযোগে ছয় পর্যটককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বাঘাইহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে পর্যটকদের বহনকারী চাঁদের গাড়িটি সাজেক থানার সামনে পৌঁছালে পুলিশ তাদের আটক করে।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ছয়জন একটি চাঁদের গাড়িতে করে সাজেকের উদ্দেশে যাচ্ছিলেন। গাড়িটি বাঘাইহাট বাজার এলাকা অতিক্রম করার সময় তাঁদের কয়েকজন প্রকাশ্যে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা তৈরি হলে পুলিশ তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার ফারদিন এহসান হৃদয় ও ইয়াছিন, হবিগঞ্জের সুশান্ত পাল ও হারুন ইসলাম তুষার, রিয়াজ উদ্দিন ভূইয়া এবং পটুয়াখালীর মো. সাইফুল ইসলাম।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, আটক ব্যক্তিরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা সরকার বারবার দরকার’ স্লোগান দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
ওসি বলেন, আটক ছয়জন বর্তমানে সাজেক থানা হেফাজতে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করার প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।
ঘটনাটি নিয়ে এলাকায় স্থানীয়দের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, এবার বাসে আগুন
১৫ ঘন্টা আগে
শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা, যা বলল ভারত
১৬ ঘন্টা আগে
তেজগাঁও কলেজের মসজিদে গোপন বৈঠকের অভিযোগ, ২৩ জন আটক
১৬ ঘন্টা আগে
গণভোটের রায় প্রত্যাখ্যানের নজির নেই: গোলাম পরওয়ার
১৬ ঘন্টা আগে
মমতার দলের নতুন নাম, প্রতীকও বদলাল
১৬ ঘন্টা আগে